Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে পুরনো জাতীয় সড়কের ধারে ধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

রায়গঞ্জের কুলিক ফরেস্ট সংলগ্ন পুরনো জাতীয় সড়কের নীচ থেকে ধসে গিয়েছে মাটি

রায়গঞ্জে পুরনো জাতীয় সড়কের ধারে ধস, বড় দুর্ঘটনার আশঙ্কা
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের কুলিক ফরেস্ট সংলগ্ন পুরনো জাতীয় সড়কের নীচ থেকে ধসে গিয়েছে মাটি। মাটি ধসে যাওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা পথচলতি মানুষ থেকে স্থানীয়দের। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জেরে রাস্তার ধারে মাটি ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী। এখনও প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় সরব হয়েছেন চালকরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কুমারবিকাশ নাগ বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এলাকাবাসীর দাবি, কুলিক ব্রিজের উপর রাস্তার অবস্থা এমনিতেই বেহাল। সেই রাস্তার উপর দিয়ে যাত্রীবাহী বাস ও বিভিন্ন সামগ্রী বোঝাই লরি  যাতায়াত করছে। পাশেই রয়েছে কুলিক পক্ষীনিবাস। পরিযায়ী পাখি দেখতে পর্যটকরা আসেন সেখানে। অবিলম্বে রাস্তাটির দ্রুত সংস্কার প্রয়োজন বলে জানান স্থানীয়রা। এলাকার বাসিন্দা তাপস দাস বলেন, রাস্তার ধারের মাটি ধসে যাচ্ছে। রাস্তা ভেঙে যে কোনও সময় গাড়ি উল্টে যেতে পারে। প্রশাসনের  দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।
অভিযোগ, রায়গঞ্জে নতুন জাতীয় সড়ক চালু হওয়ায় পুরনো জাতীয় সড়ক সংস্কারে সেভাবে উদ্যোগী হয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাজ্যের পূর্তদপ্তর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দড়ি টানাটানির জেরে এখনও সম্পূর্ণ হয়নি রাস্তা হস্তান্তর প্রক্রিয়া। যার জেরে বারোদুয়ারি থেকে রূপাহার পর্যন্ত ১২ কিমি রাস্তার বেহাল দশা। এরই মাঝে রাস্তায় ধস দেখা দিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মনু মণ্ডল বলেন, ভয়ানক অবস্থা রাস্তাটির। রাস্তাটি ভেঙে পড়তে পারে যে কোনও সময়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ