নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি বীরভূম জেলার শতাধিক ভূমিহীন সাধারণ মানুষ অবশেষে জমির অধিকার পেলেন। সৌজন্যে রাজ্য সরকার। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে পাট্টা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপরই বীরভূমের সদর শহর সিউড়ির রবীন্দ্র সদনে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একে একে জেলার নানা প্রান্তের উপভোক্তাদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বাস্তু সহ কৃষিজমির পাট্টা ও উদ্বাস্তুদের পাট্টা তুলে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, সাংসদ অসিত মাল, বিধায়ক, বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।
জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মোট ৪৮১ জন উপভোক্তার হাতে ২৬৭টি জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। এরমধ্যে প্রায় ২৪টি উদ্বাস্তু পাট্টা রয়েছে। আগামীতে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকে জেলার আরও প্রায় ২৪০জন উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে। এদিনের পাট্টা প্রদান কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসআরডিএ চেয়ারম্যান বলেন, বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন করলেন সেটা বিরাট ব্যাপার। বিপ্লব ঘটে গেল। বীরভূমেও অনেক পাট্টা বিলি হয়। সাংসদ ও বিধায়করা উপস্থিত ছিলেন।
এদিন মহম্মদবাজার ছাড়া জেলার তিনটি মহকুমার ১৮টি ব্লকের নানা প্রান্তের ভূমিহীন বাসিন্দারা বাস্তু ও কৃষিজমির পাট্টা হাতে পেলেন। প্রশাসনের তরফে জানা গিয়েছে, জেলাজুড়ে প্রায় ৪৫০টি পাট্টা উপভোক্তাদের মধ্যে বিলি করা হবে। মোট উপভোক্তাদের সংখ্যা ৭০৭ জন। জেলায় সব থেকে বেশি উপভোক্তার সংখ্যা জেলার রামপুরহাট মহকুমায়। এরপরেই রয়েছে বোলপুর মহকুমা। এদিন রাজ্যের উদ্যোগে বাস্তু সহ কৃষি জমির অধিকার পেয়ে জেলার নানা প্রান্তের বাসিন্দা ও ভূমিহীন কৃষকরা যথেষ্টই উপকৃত হলেন।
এদিনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জমির পাট্টা হাতে পেয়ে আপ্লূত শতাধিক ভূমিহীন উপভোক্তা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে মুরারইয়ের বাসিন্দা ইসমাইল শেখ বলেন, এদিন বাস্তুজমির পাট্টা হাতে পেলাম। আমার ভীষণ আনন্দ হচ্ছে। সিউড়ি-১ ব্লকের বাসিন্দা সাকিনা বিবি বলেন, এদিন জমির পাট্টা পেয়ে খুব ভালো লাগছে। আমি যথেষ্ট খুশি। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।