ভবন তৈরি হলেও সাঁওতালি মিডিয়াম স্কুলের সামনে রাস্তার জমি জবরদখল
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: রয়েছে স্কুল। কিন্তু সেই স্কুলে যাওয়ার কোনো রাস্তা নেই। জমির আল দিয়ে কোনো রকমে যাতায়াত চলত। কিন্তু সেই রাস্তাও আর এখন নেই। ফলে বছর দেড়েক আগে নতুন স্কুলের ভবন তৈরি করেও সেই স্কুল চালু করা যাচ্ছে না! বালুরঘাট শহর লাগোয়া কাটনা জুনিয়র হাইস্কুলের (সাঁওতালি মিডিয়াম) সামনের জায়গা দখল হয়ে রয়েছে। ফলে ওই স্কুলে ঢোকার রাস্তাই নেই। অভিযোগ, ওই স্কুলের আশপাশে একাংশ স্থানীয় সরকারি জায়গা দখল করে রয়েছেন। এতে রাস্তা বের করা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। বিগত সরকারের আমলে ওই স্কুলের রাস্তার জায়গা বের করার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে কোনো কাজ হয়নি। এবার নতুন সরকারের আমলে স্কুলের রাস্তার জন্য জমি বের করার দাবি তোলা হয়েছে। আদিবাসী শিক্ষা মহল এখন এই স্কুলে পঠনপাঠন চালুর দাবি তুলেছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান  দুর্গেশ দেবনাথ বলেন, ওই স্কুলের সমস্ত রিপোর্ট চাওয়া হবে। স্কুল যখন তৈরি হয়েছে তখন নিশ্চয় ক্লাস শুরু হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।  শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নতুন ভবনের কাছে আদিবাসী কাটনা স্কুলে সাঁওতালি মিডিয়াম স্কুলে পঠনপাঠন চলছে। সম্প্রতি ওই স্কুলে জুনিয়র হাইস্কুল করা হয়েছে। বর্তমানে কাটনা হাইস্কুলের প্রাঙ্গণে সাঁওতালি মিডিয়ামের পড়াশোনা চলছে। আলাদা ভাবে সরকার থেকে সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। কিন্তু নতুন স্কুলে কিছুতেই কাজ শুরু করা যাচ্ছে না।

Advertisement

স্কুলের সামনে যে জায়গায় রাস্তা হবে তা কার্যত জবরদখল হয়ে আছে। কেউ প্রাচীর দিয়েছেন। অনেকে আবার ঘিরে রেখেছেন বা অস্থায়ী ভাবে বাড়ি তৈরি করেছেন। কিছুতেই তাঁদের সরানো যাচ্ছে না। স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা ২৩ জন। পঞ্চম থেকে অষ্টম  শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাশের হাইস্কুলে ক্লাস চলে। তাই নতুন ভবনে ক্লাস চালুর দাবি তুলেছেন শিক্ষকরা।
স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ কিস্কু বলেন, বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত ২৩ জন পড়ুয়া রয়েছে। তারা সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করছে। স্কুলটি হাইস্কুল করার কথাও রয়েছে। কিন্তু ভবন চালু না হওয়ার কারণে তা সম্ভব হয়নি। তাই আমাদের স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ করা পড়ুয়াদের অন্য স্কুলে স্থানান্তর করা হয়েছে। বিগত সরকারের কাছে আমরা জবরদখল মুক্ত করার জন্য দাবি জানিয়েছিলাম। কিন্তু তা সম্ভব হয়নি। তাই আবার নতুন সরকারের কাছে বিষয়টি জানিয়েছি। যাতে দ্রুত নতুন স্কুল ভবনে ক্লাস শুরু করা যায় সেই দাবিও জানানো হয়েছে।