Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের উপর মাটি মাফিয়াদের হামলা, রানিতলায় ধৃত ৫

পুলিসের উপর মাটি মাফিয়াদের হামলা, রানিতলায় ধৃত ৫
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: দিনে দুপুরে নদীর পাড় থেকে মাটি কেটে চলত অবাধে পাচার। সেটিং ব্যবসায় আচমকাই পুলিসের হানা। আর তাতেই বেপরোয়া হয়ে পুলিসের উপর হামলা চালাল মাটি মাফিয়া ও তাদের আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় জখম হন এক পুলিস আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ার। পুলিসের উপর হামলা ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে রানিতলা থানার পুলিস পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বুধবার গভীর রাতে ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ইসলামপুর ও রানিতলা থানা এলাকায় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতদের পাঁচদিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, পুলিসের উপর প্রাণঘাতী হামলা এবং নদের পাড় থেকে মাটি লুট, এই দুই অভিযোগে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জেসিবি, একটি ট্রাক্টর ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ তল্লাশি চলছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 

Advertisement

রানিতলা থানার পাশ দিয়ে চলে গিয়েছে পদ্মার শাখানদ ভৈরব। ভৈরব নদের পাড়ে রয়েছে রানিতলা থানার সরলপুর পঞ্চায়েতের কুকারপাড়া। এই এলাকাটি ইসলামপুর, রানিনগর ও রানিতলা থানার সীমানা। কাজেই ওই এলাকায় টহলদারি চালানো পুলিসের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। সেই সুযোগে মাটি ও বালি মাফিয়ারা দীর্ঘদিন ধরে লুট চালাচ্ছে। বুধবার দিনের বেলায় কুকারপাড়ায় ভৈরব নদের পাড় থেকে মাটি ও বালি কাটা হচ্ছিল। সোর্স মারফত খবর পেয়ে রানিতলা থানার পুলিস কুকারপাড়ায় ভৈরবের পাড়ে অভিযান চালায়। মাটি কাটায় বাধা দিলে দুষ্কৃতীরা পাথর, বাঁশ ও হাঁসুয়া নিয়ে পুলিসের উপর হামলা চালায়। ঘটনায় পুলিস আধিকারিক সুজাউদ্দিন শেখ ও সিভিক ভলান্টিয়ার ফিরোজ শেখ জখম হন। পুলিস আক্রান্ত হওয়ার খবর পেয়ে রানিতলা থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে বাহিনী পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। জখম দু’জনকে উদ্ধার করে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রানিতলার এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে মাটি এবং নদ থেকে দেদার বালি লুট হচ্ছে। ফলে নদ ও ভূমির চরিত্র বদলে যাচ্ছে। পাড় থেকে মাটি কেটে নেওয়ায় বর্ষায় ভাঙনের সম্ভাবনা আরও বেড়ে যাবে। ফলে নদ তীরবর্তী এলাকার বাসিন্দারা ভিটেমাটি ছাড়া হবে। ভূমিদপ্তর ও পুলিস মাঝেমধ্যে অভিযান চালায়। তখন দিন কয়েক বন্ধ থাকে। তারপর আবার মাটি, বালি লুট শুরু হয়। অপর এক বাসিন্দা বলেন, প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রতিদিন মাটি লুট হচ্ছে। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। মাটি মাফিয়ারা কোনও না কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকায় প্রতিবাদীদের হুমকির মুখে পড়তে হয়। ভগবানগোলা-২ ভূমি ও ভূমি উন্নয়ন আধিকারিক বিদ্যুৎ নন্দী বলেন, ইসলামপুর থানা এলাকার কিছু দুষ্কৃতী দপ্তরের অনুমতি ছাড়াই মাটি কাটছিল। তাদের বিরুদ্ধে রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ