তামিলনাড়ুতে সুপ্রিম নির্দেশে দীপথুন স্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদুরাই: তামিলনাড়ু সরকার ও শীর্ষ আদালতের আইনি লড়াইয়ের মাঝেই পালিত হল কার্তিগাই দীপম উৎসব। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শনিবার তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুপারানকুন্দ্রম পাহাড়ের চূড়ায় ‘দীপথুন’ স্তম্ভে জ্বলল প্রদীপ। এদিন বিকেলে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস বৈদ্যনাথন ও বিচারপতি ভি পার্থিবনের নজরদারিতে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান।

Advertisement

সকালের দিকে মাদুরাই রিলিজিয়াস হারমনি পিপল’স ফেডারেশন ও মুসলিম আইক্কিয়া জামাতের তরফে শহরে মৌন মিছিল করা হয়। তবে কোনো উত্তেজনার খবর মেলেনি। বেলা বাড়তেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। তার মাঝেই উৎসবে শামিল হন বাসিন্দারা। একইসঙ্গে কেরল ও স্থানীয় এলাকার শতাধিক মুসলিম মানুষজন পাহাড়ের চূড়ায়  সিকন্দর দরগায় হাজির হন। সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেন তাঁরা। ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে পাহাড়ের নীচের দিকে উচি পিল্লাইয়ার মণ্ডপে প্রদীপ জ্বালানো হয়। এর জেরে তামিলনাড়ু প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। বিপাকে পড়ে আদালতের কাছে ক্ষমা চায় তামিলনাড়ু সরকার। তবে দায় চাপায় মন্দির কর্তৃপক্ষের উপর। শুক্রবারের শুনানিতে আদালত সাফ জানিয়ে দেয়, দীপথুন স্তম্ভেই জ্বালাতে হবে প্রদীপ। যদিও এনিয়ে বিজয়ের সরকারের দিকে আঙুল তুলেছে বিজেপি। তাদের বক্তব্য, ভোটব্যাংকের স্বার্থে ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেছে টিভিকে। রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা চলছে।