Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হেলমেট নিয়ে কড়া লালবাজার, শুরু অভিযান

রাজ্য ও কলকাতা পুলিশকে সাফ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বাইকচালকের হেলমেট পরা বাধ্যতামূলক।

হেলমেট নিয়ে কড়া লালবাজার, শুরু অভিযান
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি সরকার গঠনের পর নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক। সে বৈঠকে রাজ্য ও কলকাতা পুলিশকে সাফ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বাইকচালকের হেলমেট পরা বাধ্যতামূলক। তার পরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কড়া হাতে লাগাম ধরল কলকাতা পুলিসের সদর দপ্তর লালবাজার। মঙ্গলবার সকাল থেকে শহরের প্রতিটি মোড়ে হেলমেট না পরার ফলে শাস্তির মুখে পড়তে হয়েছে অনেককে। হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা আদায় করলেন ট্রাফিক সার্জেন্টরা।

Advertisement

অনেকের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে শহরের কিছু জায়গায় অলিখিতভাবে হেলমেট ছাড়া বাইক চালানোটা প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গাগুলির দিকে অতিরিক্ত নজর দিতে হবে বলে নির্দেশ। হেলমেটবিহীন বাইকের দৌরাত্ম্য চলে শহরে এমন বেশ কয়েকটি হটস্পট আছে। অভিযোগ, দক্ষিণ-পূর্ব কলকাতার পার্ক সার্কাস, কড়েয়া, তিলজলা, তপসিয়া, উত্তর পঞ্চান্নগ্রাম, ট্যাংরা সহ বিস্তীর্ণ এলাকায় হেলমেট ছাড়া বাইকচালকদের দাপট দেখা যায়। একই সঙ্গে বন্দর এলাকার একবালপুর, খিদিরপুর, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচেও হেলমেট পরার চল প্রায় নেই। এইসব এলাকায় গত ১৫ বছরে হেলমেটবিহীন বাইকচালকদের পাকড়াও করার ক্ষেত্রে পুলিশি তৎপরতা তেমন নজরে আসেনি। একই ছবি রাজাবাজার অঞ্চলেও। কেন সেখানে পুলিশি তৎপরতা কম? একাধিকবার এ প্রশ্ন তুলেছে আমজনতা। 
এছাড়া সোশ্যাল মিডিয়াতেও স্থান বিশেষে পুলিশি সক্রিয়তার মাত্রা হ্রাস নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। কিন্তু তারপরও সেভাবে পুলিশের হেলদোল নজরে আসেনি। তবে এবার এই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক হেলমেট পরতেই হবে। পুলিশ আধিকারিকদের এই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার দেখা গিয়েছে, তপসিয়া, তিলজলা, পার্ক সার্কাস, কড়েয়া এলাকায় পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ইস্ট ট্রাফিক গার্ড ও পার্ক সার্কাস ট্রাফিক গার্ড এলাকায় একদিনে প্রায় শতাধিক হেলমেটহীন বাইক চালককে জরিমানা করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। এপিসি রোডের উপর রাজাবাজার থেকে মানিকতলা মোড় পর্যন্ত পুলিশের সক্রিয়তা নজরে এসেছে। একই সঙ্গে, সাউথ পার্ক স্ট্রিট রোড, নোনাপুকুরে সার্জেন্টদের বিনা হেলমেটের চালকদের জরিমানা করার ছবিও দেখা গিয়েছে। তবে এই তৎপরতা শুধুমাত্র চিহ্নিত করা এলাকায় এমন নয়, সরকারের নির্দেশ কার্যকর করতে শহরজুড়ে পুলিশের তৎপরতা দেখা গিয়েছে।
 লালবাজারের এক আধিকারিক বলেন, সারাবছরই হেলমেট পরে বাইক চালাতে বলে কলকাতা পুলিশ। সচেতনতার পাঠও দেয়। তা সত্ত্বেও বিধিভঙ্গ হয়। এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রতিটি এলাকায় আরও কড়া নজরদারি চালানো হচ্ছে। 
পুলিশের এই সক্রিয়তা আবার অতি-সক্রিয়তায় বদলে যাবে না তো? এ দিকটি খেয়াল রাখতে অনুরোধ জানিয়েছেন শহরের নাগরিকরা। না হলে কোপ পড়বে সাধারণ মানুষের উপর, বক্তব্য গাড়ি চালকদের।

সম্পর্কিত সংবাদ