নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিবছর পুজোর আগে শহরের পথঘাট মেরামতির তোড়জোড় শুরু হয়। চলতি বছর ইতিমধ্যেই সেই কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। কারণ এবার পুজো কার্যত একমাস আগেই। তাছাড়া এবার শহরের বহু রাস্তার খারাপ বেহাল দশা আগে থেকেই প্রকট হয়েছে। যদিও বর্ষার কারণে সেই কাজ ব্যাহত হচ্ছে। অনেক জায়গাতে কাজ করলেও তুমুল বৃষ্টির জেরে পিচের আস্তরণ উঠে যাচ্ছে বলেই দাবি কলকাতা পুরসভার। এর মধ্যেই কলকাতা পুলিসের তরফে শহরের বিভিন্ন রাস্তায় মেরামতির প্রয়োজন রয়েছে এমন, ৪৩৬টি ‘স্পট’ চিহ্নিত করে তার তালিকা পুরসভাকে দেওয়া হয়েছে। পুরসভার অবশ্য দাবি, এর মধ্যে ২২১টি জায়গা ইতিমধ্যেই মেরামত করে ফেলা হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে প্যাচওয়ার্ক করা বা তাপ্পি দেওয়া রাস্তায় ফের খানাখন্দ তৈরি হয়ে যাচ্ছে। সেদিকেও নজর রাখছে পুরসভা।
গতবছর থেকেই সিদ্ধান্ত হয়েছিল, মাসে দু’বার করে শহরের খারাপ রাস্তা বা বিভিন্ন ‘স্পট’ চিহ্নিত করে তার তালিকা লালবাজারের তরফে পুরসভার হাতে দেওয়া হবে। সেটাই নিয়মিতভাবে চলছে। সেই সূত্র ধরেই গত ১৫ জুলাই বিভিন্ন রাস্তার ৪৩৬টি স্পটের তালিকা পুলিস পুরসভার হাতে দিয়েছে। পুরসভার সড়ক বিভাগের এক কর্তা বলেন, রাস্তা সারাইয়ের জন্য আমাদের মোবাইল ভ্যান ২৪ ঘণ্টা কাজ করে। তাই লালবাজারের দেওয়া তালিকার মধ্যে ২২ জুলাই পর্যন্ত ২২১টি স্পট ইতিমধ্যে মেরামত করে ফেলা সম্ভব হয়েছে। কোথাও বড় গর্ত থাকলে বা ম্যানহোল সংলগ্ন অংশ বসে গেলে সেখানে বিটুমিনের প্রলেপ দেওয়া হচ্ছে। কোথাও কোথাও রাস্তার খারাপ অংশে হচ্ছে প্যাচওয়ার্ক বা তাপ্তি মারার কাজও। কর্তৃপক্ষের বক্তব্য, এখন লাগাতার বৃষ্টি চলছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেসব রাস্তায় খানাখন্দ আছে, সেগুলি মেরামত করে দেওয়া হচ্ছে। কিন্তু পিচ দেওয়ার পর তা শুকনোর সময় পাওয়া যাচ্ছে না। সেই কারণে অনেক জায়গাতে প্যাচওয়ার্ক উঠে যাচ্ছে। টানা সাত থেকে দশ দিন রোদ ঝলমলে আবহাওয়া পেলে পিচ শুকিয়ে যেত। তখন আর এই সমস্যা হতো না। পুজোর আগে আবহাওয়া ভালো হলে সবটা আরও একবার মেরামত করে দেওয়া হবে।