কাউলুন: আশা জাগিয়েও খেতাব জয়ের হ্যাটট্রিক হল না লক্ষ্য সেনের। হংকং ওপেনের শেষ চারেই থামতে হল ভারতীয় শাটলারকে। শনিবার সেমি-ফাইনালে তাঁকে বশ মানালেন ডেনমার্কের আন্দ্রেস অ্যান্টনসেন। ড্যানিশ তারকা জিতলেন ২১-১৩, ২১-১৩ স্ট্রেট গেমে। উল্লেখ্য, হাইলো ওপেন ও কুমোমোতো মাস্টার্স জাপান খেতাব জয়ের পাশাপাশি চলতি বছরের শেষে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের টিকিটও পাকা করেছেন ২৫ বছরের লক্ষ্য। শনিবার আরও এক খেতাবি লড়াইয়ের টিকিট পাকা করার লক্ষ্যেই কোর্টে নেমেছিলেন তিনি। তবে ক্লান্তির কাছে হার মানতে হল তাঁকে। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ভারতের তারকা ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। পুরুষদের ডাবলসে তাঁরা হার মানলেন মালয়েশিয়ার মান উই চোং ও তে কাই ইন জুটির কাছে। দু’টি গেমেই শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে ব্যর্থ সাত্ত্বিক-চিরাগ। মালয়েশিয়ান জুটির কাছে তাঁরা হারেন ১৮-২১, ১৯-২১ গেমে।



