Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্মী আরাধনায় সাজ সাজ রব, রকমারি থিমের বাহার

দুর্গাপুজো শেষ। কার্নিভালও শেষ। এবার লক্ষ্মী এলেন ঘরে।

লক্ষ্মী আরাধনায় সাজ সাজ  রব, রকমারি থিমের বাহার
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা তারকেশ্বর: দুর্গাপুজো শেষ। কার্নিভালও শেষ। এবার লক্ষ্মী এলেন ঘরে। কলকাতায় যেমন দুর্গা নিয়ে মাতামাতি, তেমন তারকেশ্বর ব্লকে মাতামাতি লক্ষ্মীপুজো ঘিরে। কয়েকদিন ধরেই সেখানে সাজো সাজো রব। বিভিন্ন থিমের রমরমা নজর কাড়ছে।

Advertisement

‘সবুজায়ন’, ‘বসুন্ধরা’, ‘আদি জনগোষ্ঠী’, ‘পুতুলের দেশ’ ইত্যাদি থিমে সেজেছে তারকেশ্বর রানাবাঁধের বারোয়ারি লক্ষ্মীপুজোগুলি। তারকেশ্বর ব্লকের পিয়াসাড়া- মালপাহারপুর ও চাঁপাডাঙা পঞ্চায়েত এলাকা কৃষিপ্রধান অঞ্চল। এখানকার প্রধান উৎসবই হল লক্ষ্মীপুজো। বারোয়ারি ও বাড়ি মিলিয়ে প্রায় ১৫টির মতো পুজো হয়। উদ্যোক্তারা বিভিন্ন ধরনের থিম করার জন্য সারা বছর ধরে পরিকল্পনা চালান। কয়েক মাস ধরে বেঁড়েমূল, জগন্নাথপুর, বেলবাঁধ, রানাবাঁধে পুজো নিয়ে ব্যস্ত থাকেন উদ্যোক্তারা। প্রায় তিন কিলোমিটার এলাকায় ছোটো-বড়ো লক্ষ্মীপুজো হয়। তা দেখতে হুগলি ছাড়াও হাওড়া, বর্ধমান থেকে আসেন দর্শনার্থীরা। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে মেলা চলে। ১১টি পুজো কমিটিকে নিয়ে তৈরি হয়েছে কেন্দ্রীয় কমিটি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে ব্যস্ত পুলিশ। এছাড়া দমকল, স্বাস্থ্য ইত্যাদি বিভাগের কর্মীরা উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। 
তারকেশ্বরের নামকরা পুজোগুলি হল, বেঁড়েমূল উদয় ভানু সংঘ। তাদের থিম, ‘মনের মানুষ’। বাউলদের জীবন তুলে ধরেছে মণ্ডপে। বিবাদী ক্লাবের পুজো এ বছর ৪৫ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম, ‘সবুজায়ন’। খাদ্যশস্য ও গামছা দিয়ে তৈরি করেছে প্যান্ডেল। ক্লাবের সদস্যরাই মণ্ডপ তৈরি করেছেন। ক্ষুদ্র রামপুর বিবেকানন্দ ক্লাবের পুজোর এবার ৪৪ তম বর্ষ। থিম, ‘বসুন্ধরা’। আধুনিক জগতে পৌঁছতে মানুষ প্রকৃতি ধ্বংস করছে, নষ্ট হচ্ছে পরিবেশ। পশুপাখির থাকার জায়গা নষ্ট করা থেকে জলকষ্ট বা আধুনিক হতে প্রকৃতি ধ্বংসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। রানাবাঁধ ছাতিমতলা লক্ষ্মীপুজোর ৪০তম বর্ষ। বিশাল আকারের ম্যাকাও পাখি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। রানাবাঁধ লক্ষ্মীমাতা ক্লাবের পুজোর ৪৭ তম বর্ষ। থিম, ‘মহাদেব’। বেলবাঁধ রবীন্দ্র সংঘের পুজো ৩১ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম, ‘পুতুলের দেশ’। ক্লাবের সদস্যরা নিজে হাতে তৈরি করেছেন মণ্ডপ। বেলবাঁধ নেতাজি সংঘের পুজোর ৪৮তম বর্ষ। থিম, ‘আদি জনগোষ্ঠী’। 
আদিবাসী সমাজের জীবন ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া পাটকাঠির প্যান্ডেলের ধারাবাহিকতা ধরে রেখেছে নাইটা উত্তরপাড়া লক্ষীপুজো কমিটি। মন্দিরের আদলের তৈরি হয়েছে এদের মণ্ডপ। ৪১তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। পুজো ঘিরে প্রতিবছর তারকেশ্বরে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। এক সপ্তাহ ধরে চলে মেলা।

Advertisement
সম্পর্কিত সংবাদ