Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাদের নামে ঋণ নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ

মাইক্রো ফিনান্স কোম্পানির কাছ থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মহিলার নথিপত্র হাতিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক যুবতর বিরুদ্ধে।

মহিলাদের নামে ঋণ নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মাইক্রো ফিনান্স কোম্পানির কাছ থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মহিলার নথিপত্র হাতিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক যুবতর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ায়। প্রতারিত মহিলারা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। হাওড়া থানার পুলিশ বুধবার গ্রেফতার করেছে শাহিন পারভিন নামে অভিযুক্তকে। ধৃতকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে, বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিকিয়াপাড়ার হামিদ মুন্সি লেনের তরুণী শাহিন পারভিন নামের ওই তরুণী এলাকার মহিলাদের কাছে গিয়ে মাইক্রো ফিনান্স কোম্পানি থেকে নামমাত্র সুদে মোটা অঙ্কের লোন পাইয়ে দেওয়ার লোভ দেখাত। অনেকেই সেই প্রলোভনে পা দেয়। লোন নেওয়ার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সহ বেশ কিছু নথিপত্র এলাকার মহিলাদের কাছ থেকে সংগ্রহ করে অভিযুক্ত। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও লোনের টাকা হাতে পাননি কেউই। সম্প্রতি ফিনান্স কোম্পানির তরফে লোকজন লোনের জন্য আবেদন করা ওই মহিলাদের বাড়ি এসে জানায়, প্রত্যেকের নামেই লক্ষাধিক টাকার লোন নেওয়া হয়েছে। তখনই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন মহিলারা। সব মিলিয়ে লোনের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে নেয় অভিযুক্ত শাহিন।

Advertisement

বুধবার রাতে অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন প্রতারিতরা। রাতেই হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর হাওড়া থানার পুলিশ এলাকা থেকেই অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করে। প্রতারিতরা বলেন, ‘আমাদের প্রত্যেকেরই ঋণের প্রয়োজন ছিল। সেজন্যই ওর কথায় বিশ্বাস করেছিলাম। কয়েক মাস কেটে গেলেও লোনের টাকা পাওয়া নিয়ে টালবাহানা করছিল শাহিন।’ পুলিশ জানিয়েছে, এই প্রতারণার ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে একটি মাইক্রো ফিনান্স কোম্পানি একজনকেই একাধিক জনের লোনের টাকা দিয়ে দিল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ