আউশগ্রামের তকিপুরে বড়মা কালী বিসর্জনে লক্ষাধিক মানুষের সমাগম
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের তকিপুরে সুষ্ঠুভাবে বড়মা কালীর বিসর্জন হল। শুক্রবার দুপুরের মধ্যেই স্থানীয় সায়র দিঘিতে বিসর্জনপর্ব সম্পন্ন হয়। বিশাল উচ্চতার কালীপ্রতিমা বিসর্জন ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে।

Advertisement

প্রতি বছরের মতো এবারও ভাইফোঁটার পর পঞ্চমী তিথিতে বড়মার বিসর্জন হয়েছে। এদিন নির্ঘণ্ট মেনেই সকাল ৮টা নাগাদ মন্দির থেকে প্রতিমা বের করা হয়। তারপর লোহার চাকা লাগানো ঠেলাগাড়িতে কালীপ্রতিমা সায়র দিঘিতে নিয়ে আসা হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিসর্জন সম্পন্ন হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন রাখা হয়েছিল। তকিপুরের দিঘিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিডবোট নিয়েও নজরদারি চালিয়েছে। একসময় তকিপুর লাগোয়া এলাকা জঙ্গলে ঘেরা ছিল। জনশ্রুতি আছে, জঙ্গলের মধ্যে ডাকাতদল কালীপুজো করত। বর্ধমানের মহারাজা স্বপ্নাদেশ পেয়ে জঙ্গল থেকে কালীপ্রতিমা উদ্ধার করে প্রতিষ্ঠা করেন। হাতি, ঘোড়া, পালকি সহ ১০১টি ঢাক বাজিয়ে শোভাযাত্রা করে দেবীপ্রতিমা উদ্ধার করে আউশগ্রামের বিল্বগ্রাম অঞ্চলের তকিপুরে নিয়ে আসা হয়।
তকিপুরের বড়মার বিসর্জন দেখতে প্রতি বছর আউশগ্রাম ছাড়াও ভাতার, মঙ্গলকোট ও গলসি থেকে প্রচুর দর্শনার্থী ভিড় করেন। এদিন প্রায় লক্ষাধিকের বেশি দর্শনার্থীর সমাগম হয়েছিল। দিঘির চারদিকে পাড়ে দাঁড়িয়ে দেবীর বিসর্জনপর্ব দেখেন মানুষজন। গলসির দিক থেকে আসা বহু মানুষকে বিল্বগ্রামের তকিপুরের কাছে কাঠ ও বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে খড়ি নদী পারাপার করতে হয়। প্রচুর টোটো ও বাইক ওই সাঁকো দিয়ে চলাচল করতে দেখা যায়। তাই দুর্ঘটনা এড়াতে আগেভাগেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সতর্ক ছিল। মাইকে করে সবসময় সতর্ক থাকার জন্য প্রচার চালানো হয়।