Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আইনরক্ষার কাজে পেশাদারিত্বের অভাব, সালুয়ার ক্যাম্পে শুরু সিভিকদের প্রশিক্ষণ

আইনরক্ষার কাজে পেশাদারিত্বের অভাব, সালুয়ার ক্যাম্পে শুরু সিভিকদের প্রশিক্ষণ
  • ২৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এবার পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিএস) সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। আজ, খড়্গপুরে সালুয়ায় পুলিশ ট্রেনিং স্কুলে এই প্রশিক্ষণ শুরু হবে। একইভাবে বারাকপুর, কৃষ্ণনগর সহ রাজ্যের অন্যান্য জায়গার পুলিশ ট্রেনিং স্কুলেও সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং হবে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি থানা থেকে ৪২৫জন সিভিক ভলান্টিয়ার খড়্গপুরের সালুয়ায় ট্রেনিং স্কুলে রওনা দিয়েছে। ২৪থেকে ২৮নভেম্বর সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরে মোট ৪৮২৮জন সিভিক ভলান্টিয়ার নিয়োগ হয়েছিল। তাদের মধ্যে কর্মরত ৪৪৯৩জন। ওই সিভিক ভলান্টিয়ারদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ব্যাচে ৪২৫জনকে খড়্গপুরে পাঠানো হয়েছে।

Advertisement

সিভিক ভলান্টিয়ারদের আচমকা পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ কেন? জানা গিয়েছে, কর্মরত অবস্থায় সিভিকদের একাংশের মধ্যে পেশাদারিত্বের অভাব প্রকট হচ্ছে। অনেক সময় এক্তিয়ার বহির্ভূত কাজ করে ফেলছে। ট্রাফিক ফাইন থেকে মামলা নিষ্পত্তির নামে বাদী ও বিবাদীর সঙ্গে গোপনে যোগাযোগ করার ঘটনা ঘটছে। আবার কারও কারও মধ্যে হামবড়াই ভাব জনমানসে খারাপ প্রভাব তৈরি করছে। ভূপতিনগর, চণ্ডীপুর ও এগরা থানায় ‘ম্যানেজারের’ দায়িত্ব সামলানো তিন সিভিক ও এক ভিলেজ পুলিশের বিপুল সম্পত্তি নিয়ে পুলিশ মহলেই ব্যাপক চর্চা চলছে।
কর্মরত সিভিক ভলান্টিয়ারদের ব্যাচ তৈরি করে প্রশিক্ষণে পাঠানো হবে। রবিবার তমলুক থানা থেকে ২৩জন, কোলাঘাট থেকে ১৭জন, পাঁশকুড়া থেকে ২৪জন, ময়না, নন্দকুমার ও চণ্ডীপুর থেকে ১৭জন করে ট্রেনিংয়ে পাঠানো হয়েছে। এছাড়া, এগরা থানার ৩৩জন, পটাশপুর থানার ২৯জন, নন্দীগ্রাম থানার ২৭জন, কাঁথি থানার ৩২জন সিভিক ভলান্টিয়ার ফার্স্ট ব্যাচে অংশ নিয়ে ওই প্রশিক্ষণে যোগ দিতে গিয়েছেন। সিভিকদের একটা অংশের মধ্যে ডিউটি ফাঁকি দেওয়ার প্রবণতা সামনে এসেছে। আবার কেউ কেউ নেতাদের ছত্রছায়ায় থেকে সিভিকের পোশাকই গায়ে তোলে না। ডিউটিও করে না। 
গত ১২নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ১৬জন সিভিক ভলান্টিয়ার এবং একজন ভিলেজ পুলিশকে অন্যত্র বদলি করা হয়েছে। ডিউটি ফাঁকি সহ নানা অভিযোগে নন্দীগ্রামের ন’জন, ময়না থানার তিনজন, পাঁশকুড়া থানার দু’জন, দুর্গাচক, কোলাঘাট ও মারিশদা থানার একজন করে সিভিককে দূরবর্তী জায়গায় সাব ট্রাফিক গার্ডে বদলি করা হয়েছে। অলস ও নিয়ম না মানা সিভিকদের লাইনে আনতে শাস্তিমূলক বদলি যথেষ্ঠ নয়। বরং এজন্য প্রশিক্ষণেরও দরকার রয়েছে। ধারাবাহিকদের তাদের একটা অংশকে নিয়ে এরকম রিপোর্ট যাওয়ার পরই সরাসরি পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়। সেইমতো খড়্গপুরের সালুয়ায় আজ সোমবার থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে।
পূর্ব মেদিনীপুরে প্রায়ই খবরের শিরোনামে চলে আসছে সিভিক ভলান্টিয়ারদের একাংশ। পাঁশকুড়ার চিপস কাণ্ড থেকে ভগবানপুর থানার ভীমেশ্বরীতে হস্টেলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের নাম জড়িয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে। আবার, শাস্তির কোপে বেশ কয়েকজন চাকরি খুইয়েছে। পাঁশকুড়া থানা লাগোয়া এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ছেলে সিভিক ভলান্টিয়ার ছিল। মাদকের তীব্র আসক্তির জেরে তাকে চাকরি খোয়াতে হয়েছে। এভাবে নানা ঘটনায় বেশ কয়েকজনকে ওই জব থেকে বসিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ