সংবাদদাতা, রায়গঞ্জ: প্রাথমিক স্কুলে ক্লাসরুমের অভাব। একটি ক্লাসরুমে চলছে দুটো ক্লাস। যার জেরে চরম সমস্যায় স্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা। রায়গঞ্জের কসবা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এই সমস্যা। স্কুলটিতে প্রাক-প্রাথমিক ও পঞ্চম শ্রেণি চালুর পর থেকে ক্লাসঘরের অভাব দেখা দিয়েছে। একটি রুমে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের ক্লাস একসঙ্গে হচ্ছে। আরেকটিতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস একসঙ্গে চলছে। ফলে ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারছে না খুদেরা। দাবি অভিভাবকদের। স্কুলের সহ শিক্ষক নীপেন্দ্রনাথ বর্মন বলেন, রুমের অভাবে একটি ঘরে দুটো ক্লাস নিতে হয়। এতে পড়ুয়াদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা এই স্কুলের নামডাক রয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই স্কুলের প্রাক্তন ছাত্রী উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে। বর্তমানে এই স্কুলে পড়ুয়া ১৭৯ জন। এলাকার বেশির ভাগ অভিভাবকরা এই স্কুলে সন্তানদের পাঠান। তাঁদেরও বক্তব্য, স্কুলে আরও দুটো ক্লাস রুম দরকার।



