নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আন্তর্জাতিক মঞ্চে সাফল্য রানাঘাটের দিশানীর। জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন (জে কে এ) আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ পদক জয় করেছে বছর এগারোর ওই কিশোরী। স্বাভাবিকভাবেই এই সাফল্যে খুশির উৎসব রানাঘাটের হরিনগরে। মেয়ের পদক জয়ে বাংলার নারী শক্তিরই প্রকাশ দেখছেন দিশানীর বাবা-মা। জে কে এ’র তরফে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ চলতি বছর আয়োজন করা হয়েছিল দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহরে। গাচিবাওলি স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কম বেশি পৃথিবীর প্রায় কুড়িটি দেশ। তাদের মধ্যে যেমন ছিল এশিয়ার জাপান, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, উজবেকিস্তান, ইন্দোনেশিয়ার মতো দেশগুলি। তেমনই ছিল রাশিয়া, স্পেন, নিউজিল্যান্ড, কানাডা সহ একাধিক দেশ। ওই চ্যাম্পিয়নশিপেই নিজের বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছে দিশানী চক্রবর্তী।
Advertisement
দিশানী রানাঘাটের হরিনগর এলাকার বাসিন্দা। ব্রজবালা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাবা সব্যসাচী চক্রবর্তী পেশায় ফটোগ্রাফার। জেলা শহরে একাধিক সাফল্য অর্জন করেছে ছোট্ট দিশানী। হায়দরাবাদে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জীবনে প্রথম কোনও আন্তর্জাতিক মঞ্চ। সেখানে পদক জয় করা মোটেও সহজ ছিল না! দিশানী জানিয়েছে, আপাতত তার লক্ষ্য আরও বড় আন্তর্জাতিক মঞ্চ—ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া। মেয়ের সাফল্যে গর্বিত বাবা সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘আমি নিজেই দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। যখন আমি পারিনি তখন আমার সন্তান কেন পারবে না। আজ ওর সাফল্যে স্ত্রী ও আমি গর্বিত।



