Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়েক বছর ধরে বেহাল কড়িধ্যার পাইপ লাইনের রাস্তা, সংস্কারের দাবি

কয়েক বছর ধরে বেহাল কড়িধ্যার পাইপ লাইনের রাস্তা, সংস্কারের দাবি
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,  সাঁইথিয়া: সিউড়ির কড়িধ্যার পাইপ লাইনের রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। বেহাল রাস্তার কারণে গাড়ি যাতায়াতের সময় ধুলোয় ঢাকছে চারপাশ। যাতায়াত করাই দায় হয়ে পড়েছে পথচারীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতকে বহুবার জানানো হলেও রাস্তা সংস্কারের ব্যাপারে কোনও উদ্যোগই নেওয়া হয়নি। সমস্যায় পড়েছেন একাধিক গ্রামের বাসিন্দারা। সিউড়ির কড়িধ্যার পাইপ লাইন থেকে হুসনাবাদ, লম্বদরপুর, তসরকাঁটা সহ একাধিক গ্রাম যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি সংলগ্ন কড়িধ্যা পাইপ লাইনের এই রাস্তাটি সহজ ও অন্যতম রাস্তা হিসেবে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচের আস্তরণ উঠে রাস্তা বেহাল হয়ে পড়েছে। ফলে ভাঙা রাস্তার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। রাতের অন্ধকারে এই পথ এড়িয়ে চলেন বাসিন্দারা। অন্য একটি রাস্তা ঘুরপথ হলেও সেটিকে ব্যবহার করে থাকেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা প্রবীর বাগদি বলেন, কয়েক বছর ধরেই দেখছি রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। পঞ্চায়েত থেকে কোনওদিন দেখিনি উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার করছে। রাস্তায় গর্ত হয়ে বড় বড় পাথর বেরিয়ে পড়েছে। ফলে সাইকেল, বাইক থেকে পড়ে পাথরের লেগে আঘাতপ্রাপ্ত হচ্ছেন অনেকে। পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অধিকাংশ মেম্বারও এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। কিন্তু কোনও হেলদোল নেই। রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে বর্ষাকালে ভাঙা রাস্তা অন্যদিকে মাঠে থেকে জল রাস্তায় চলে আসায় খানাখন্দ ঠিকমতো বোঝা যায় না। যেকোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এ বিষয়ে কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি বলেন, রাস্তাটি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পাইপ লাইন নিয়ে যাওয়া হয়েছে। আগেও রাস্তাটি সংস্কার করা হয়েছিল। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে রাস্তা সংস্কারের বিষয়টি জানানো হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করা হোক সংশ্লিষ্ট দপ্তরের তরফে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ভাঙা রাস্তা ও রাতের অন্ধকারের সুযোগে সচরাচর এই পথ দিয়ে কেউ আসে না। তাই এই রাস্তায় বেশকিছু নেশাড়ুদের উপদ্রব বেড়েছে। আমরা স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন করছি রাস্তাটি সংস্কার করে পথবাতির ব্যবস্থা করা হোক।
Advertisement
সম্পর্কিত সংবাদ