Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিকাঠামো উন্নয়নে ১৫ দিন বন্ধ কুঠিঘাট, রতনবাবু ঘাট থেকে বেলুড়ের ফেরি চলবে

কুঠিঘাট জেটি ও পন্টুন জেটি মেরামতের জন্য আগামী ১৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল। ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কুঠিঘাট-বেলুড়ের মধ্যে কোনও লঞ্চ চলাচল করবে না।

পরিকাঠামো উন্নয়নে ১৫ দিন বন্ধ কুঠিঘাট, রতনবাবু ঘাট থেকে বেলুড়ের ফেরি চলবে
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কুঠিঘাট জেটি ও পন্টুন জেটি মেরামতের জন্য আগামী ১৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল। ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কুঠিঘাট-বেলুড়ের মধ্যে কোনও লঞ্চ চলাচল করবে না। এর পরিবর্তে আধ কিলোমিটার দূরে রতনবাবুর ঘাট থেকে চলবে লঞ্চ। 

Advertisement

সোমবার বিকেলে ফেরিঘাটে এই সংক্রান্ত নোটিস টাঙানো হয়েছে। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফেরিঘাটের সৌন্দর্যায়ন, বিদ্যুতের কাজ ইত্যাদি করা হবে। পুজোর আগে সেজে উঠবে এই ফেরিঘাট। বেলুড় মঠের উল্টোদিকে বরানগরের কুঠিঘাট। তা দিয়ে দৈনিক হাজার দু’য়েক মানুষ যাতায়াত করে। সাড়ে সাতশোর মতো যাত্রী কুঠিঘাটে টিকিট কেটে বেলুড়ে যায়। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে লঞ্চ। ২০ মিনিট অন্তর পাওয়া যায়। এখান থেকে অনেকে বেলুড় হয়ে লিলুয়া ও হাওড়ার অন্যান্য প্রান্তে যাতায়াত করেন। বেলুড় মঠে কোনও অনুষ্ঠান থাকলে এখানে ভিড় বাড়ে। আগে এই ফেরিঘাট থেকে ফেয়ারলি পর্যন্ত ফেরি চলাচল করত। কুঠিঘাট থেকে রতনবাবু ঘাট, কাশীপুর, বাগবাজার ও ফেয়ারলি ঘাটে যাত্রীরা যাতায়াত করতে পারতেন। প্রতিদিন ছ’টি ফেরি ফেয়ারলি পর্যন্ত যেত। চারটি কুঠিঘাটে আসত। কিন্তু ২১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ। আজ থেকে এক দশক আগেও এই রুটে যাত্রী সংখ্যা ঠিকঠাক ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে সে সংখ্যা একেবারে কমে গিয়েছে। বেশিরভাগ দিন কুঠিঘাট থেকে তিন-চারজন যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে হতো। অনেক সময় যাত্রী ছাড়াও লঞ্চ ছাড়তে হয়েছে বাধ্য হয়ে। এই পরিস্থিতিতে পরিবহণ দপ্তর এই রুট অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ভবিষ্যতে এই রুট আদৌ চালু হবে কি না তা নিয়ে এখন সবার নজর। 
অনেকের বক্তব্য, বেলুড় ফেরিঘাটের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়ন হলেও কুঠিঘাটের খুব বেশি কাজ হয়নি। সম্প্রতি পরিবহণ দপ্তর এই ফেরিঘাটে একাধিক কাজ করার পরিকল্পনা নেয়। সেই কাজ শুরু হয়েছে। তবে পন্টুন জেটি সহ বেশ কিছু কাজের জন্য কুঠিঘাট বন্ধ রাখার প্রয়োজন। তাই ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কুঠিঘাট থেকে হাঁটা পথে রতনবাবুর ফেরিঘাট যেতে প্রায় ১০ মিনিট লাগে। এই ফেরিঘাট থেকেই বেলুড়ের ফেরি চলাচল করবে। কুঠিঘাটের কর্মীদের এই ১৫ দিন রতনবাবুর ঘাটে বসে পরিষেবা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, এই দুই ফেরিঘাটের দূরত্ব সামান্য। খুব বেশি যাত্রীর চাপ নেই। তাই সমস্ত দিক খতিয়ে দেখে কুঠিঘাটের ফেরি পরিষেবা আগামী ১৫ দিন রতনবাবু ঘাটে স্থানান্তরিত করা হচ্ছে। এই সময়ে কুঠিঘাটের পরিকাঠামো উন্নয়নের কাজ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ