নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিন বিধান ভবনে বিষ্ণুপ্রসাদের হাতে হাত চিহ্নের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ যোশী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কার্শিয়াং আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। পরবর্তীতে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে তোপও দাগেন তিনি একাধিকবার।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ১৯ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন বিষ্ণুপ্রসাদ। এবার তিনি যোগ দিলেন কংগ্রেসে। বিজেপি থেকে তৃণমূল ঘুরে কংগ্রেসে বিষ্ণুপ্রসাদের আসা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিষ্ণুপ্রসাদ উত্তরবঙ্গের রাজনীতিতে পরিচিত মুখ। ফলে বিষ্ণুপ্রসাদকে ঘিরে পাহাড়ে নয়া সমীকরণ তৈরি হল।
কিন্তু গোর্খাল্যান্ডের দাবিতে বিষ্ণুপ্রসাদ দীর্ঘদিন ধরে সরব। এই অবস্থায় কংগ্রেসে যোগ দিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে বিষ্ণুপ্রসাদ অনড় থাকবেন কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে। বিষ্ণুপ্রসাদের বক্তব্য, বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কিন্তু গোর্খা জনজাতির জন্য প্রকৃত উন্নয়ন করেছে কংগ্রেস। ফলে আগামী দিনে কংগ্রেস আরও উন্নয়ন করবে, এই প্রত্যাশা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, পাহাড়ের মানুষের পাশে আগেও কংগ্রেস ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। গোর্খাদের জন্য আমাদের যা যা করণীয়, তা করব।
অন্যদিকে, এদিন বিধান ভবনে বাঁকুড়া জেলার একাধিক তৃণমূল নেতা কংগ্রেসে শামিল হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন তারাশংকর মহাপাত্র, ছোটন খিলার প্রমুখ। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, পাহাড় থেকে সাগর—রাজ্যজুড়েই শক্তিশালী হচ্ছে কংগ্রেস।



