নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শহরে উন্নয়ন ধীর গতিতে চলছে। পানীয় জল এখনও বাড়ি বাড়ি পৌঁছায়নি। রাস্তার শ্রী ফেরেনি। তবে বর্ধমান শহরের কয়েকজন কাউন্সিলারের ‘উন্নয়ন’ চোখে পড়ার মতো। কয়েক বছরেই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছে তারা। দামি গাড়ি, মোবাইল কী নেই। কিন্তু কীভাবে তা সম্ভব হচ্ছে? শহরের বাসিন্দারা বলছেন, ওই কাউন্সিলারদের আয়ের উৎস তোলাবাজি। নিজেদের এলাকায় তারা রীতিমতো সিন্ডিকেট চালাচ্ছে। এলাকায় কোনও কিছু নির্মাণ করতে হলে আগে তাদের কাছে প্রণামী পাঠাতে হচ্ছে। সম্প্রতি দু’জন কাউন্সিলারের বিরুদ্ধে এরকম অভিযোগ জমা পড়ে। একজনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যজনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। তাতে এলাকার বাসিন্দাদের অভিযোগে সিলমোহর পড়েছে। কয়েক দিন আগে গোদা এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। প্রশাসনকে লিখিত অভিযোগে জানিয়েছেন, এলাকায় কারও বাড়ি তৈরি করতে হলে কাউন্সিলারের এক আত্মীয়র কাছে ইমারতি সামগ্রী নিতে হয়। তা না করলে বাড়ি তৈরির কাজে বাধা দেওয়া হয়। কোন মিস্ত্রি বা শ্রমিক বাড়ি তৈরি করবে সেটাও তারা ঠিক করে দিচ্ছে। এলাকায় খাসজমি দখলের চক্রও সক্রিয় রয়েছে। এলাকায় কয়েকটি জলাশয় ভরাট হলেও কাউন্সিলারের কোনও হেলদোল নেই। কেন তিনি চুপচাপ থাকেন তা রহস্যজনক। গোদার বাসিন্দা তথা তৃণমূল নেতা কাঞ্চন কাজি বলেন, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এসব নোংরামি ছাড়া আর কিছুই নয়। এসব ষড়যন্ত্র করে লাভ হবে না। যদিও এক আধিকারিক বলেন, অভিযোগ আসার পর তদন্ত করা হয়েছে। বেশকিছু অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। বিষয়টি পুলিসকে জানানো হবে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, যেসব অভিযোগ আসে তা তদন্ত করা হয়। কোথাও জোরজলুম হলে পুলিস ব্যবস্থা নেবে।
Advertisement
স্থানীয়রা বলেন, বর্ধমান শহরে কয়েকজন কাউন্সিলারের জন্যই দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। তাঁরা বেলাগামভাবে এলাকায় দাদাগিরি করছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জনপ্রতিনিধির সম্পর্কে বিশেষ সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। কীভাবে কয়েক বছরের মধ্যে জনপ্রতিনিধিদের ভোল বদলে গেল তার খুঁটিনাটি তাদের কাছে রয়েছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, দল স্বচ্ছতায় বিশ্বাসী। কেউ অনিয়ম করলে নেতৃত্ব নিশ্চয়ই পদক্ষেপ নেবে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে তেলিপুকুর এলাকায় জলের ট্যাপ চুরি করতে গিয়ে এক যুবক হাতেনাতে ধরা পড়ে। এলাকার বাসিন্দারা তাকে পুলিসের হাতে তুলে দিতে চায়। কাউন্সিলার তাতে রাজি হয়নি। এলাকার বাসিন্দারা তা অগ্রাহ্য করেই তাকে থানায় ফোন করে। তাতে ক্ষুব্ধ হয়ে ওই কাউন্সিলার এলাকার বাসিন্দাদের উপর হামলা করে বলে অভিযোগ। স্থানীয়রা তা নিয়েও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। আধিকারিকরা স্থানীয়দের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।