নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর দুদিন গাড়িতে হামলার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিষয়টি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। অভিযোগ, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে! আদালতের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি। কুণালের আবেদন, এই ধরনের আক্রমণ যাতে আর না-হয়, তা নিশ্চিত করুক পুলিশ। হয় তাঁকে নিরাপত্তা দেওয়া হোক, না-হলে আক্রমণের ঘটনায় পুলিশ পদক্ষেপ করুক। তাঁর আইনজীবী বলেন, ‘আমার মক্কেল একজন নির্বাচিত বিধায়ক। পর পর দুদিন তাঁকে আক্রমণ করা হয়েছে। প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত শুনানির প্রয়োজন।’ মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আবেদন নাকচ করে দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, ক্রমতালিকা অনুযায়ী শুনানি হবে। অন্যদিকে, হামলার ঘটনায় এদিন রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন কুণাল। কমিশনের চেয়ারম্যান বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের কাছে অভিযোগপত্র তুলে দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। কুণালের দাবি, কমিশন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। ৩০ তারিখ, ৩টার সময় শুনানি হবে। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে শুনানিতে থাকতে নোটিস জারি করা হয়েছে। থাকতে বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার অফিস, বেলেঘাটা থানা, ফুলবাগান থানা, নারকেলডাঙা থানা, কালীঘাট থানা, চন্দনগর পুলিশ কমিশনারেট অফিস ও উত্তরপাড়া থানাকে।



