Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরে জেলায় সবচেয়ে বেশি নাম বাদ তৃণমূলের দখলে থাকা কুমারগঞ্জেই

দক্ষিণ দিনাজপুর জেলায় এসআইআরে সবচেয়ে বেশি নাম বাদ পড়ল কুমারগঞ্জ বিধানসভায়। এখানে সব মিলিয়ে ৩৩ হাজার নাম বাদ গিয়েছে।

এসআইআরে জেলায় সবচেয়ে বেশি নাম বাদ তৃণমূলের দখলে থাকা কুমারগঞ্জেই
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় এসআইআরে সবচেয়ে বেশি নাম বাদ পড়ল কুমারগঞ্জ বিধানসভায়। এখানে সব মিলিয়ে ৩৩ হাজার নাম বাদ গিয়েছে। যা জেলার ছ’টি বিধানসভার মধ্যে সর্বোচ্চ বলে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে।

Advertisement

তৃণমূল কংগ্রেসের অভিযোগ,বেছে বেছে প্রতিটি বুথ থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে ভোটের আগে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। 
২০১১ সাল থেকে কুমারগঞ্জ বিধানসভা তৃণমূলের দখলে রয়েছে। এটি তৃণমূলের নিরাপদ আসন বলেই মনে করে রাজনৈতিক মহল। তবে এসআইআরে নাম বাদ নিয়ে আশা দেখছে বিজেপি। তাদের দাবি, এবার লড়াই মসৃণ হবে। যদিও তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের দাবি, বিজেপি দিবাস্বপ্ন দেখছে। 
বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বলেন, আমাদের বিধানসভাতেই জেলার মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। আমার বুথে ২৫০ জনের বেশি নাম বাদ পড়েছে। গোটা বিধানসভার প্রতিটি বুথ থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার পিছন দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। বিজেপি যতই বলুক কোনো লাভ হবে না। আমার যা উন্নয়ন রয়েছে, সেই উন্নয়নের নিরিখে ফের জয়ী হব। 
বালুরঘাটের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এবার জেলার ছ’টি বিধানসভার ছ’টিতেই আমরা জয়ী হব। কুমারগঞ্জ বিধানসভায় নাকি জেতা যায় না, কারণ একটা বড় অংশের মানুষ আমাদের ভোট দেয় না। এবার তা হবে না। কুমারগঞ্জ বিধানসভাতেও আমরা এবার জয়ী হব। 
নির্বাচন কমিশন সূত্রে খবর, জেলায় ১ লক্ষ ৮০ হাজার মানুষের নাম এসআইআর পর্বে বাদ গিয়েছে। কুমারগঞ্জে প্রথমে খসড়া এবং চূড়ান্ত তালিকায় ১৩ হাজারের নাম বাদ গিয়েছিল। ওই তালিকার মধ্যে মৃত এবং স্থানান্তরিত ভোটার রয়েছে। ওই বিধানসভাতেই বিচারাধীন তালিকায় ২৯ হাজার ৬০৭ জনের নাম ছিল। বিচারাধীন তালিকা থেকে ২০ হাজার ৬৮০ জনের নাম বাদ গিয়েছে। ফলে মোট ৩৩ হাজার ৬৮৮ জনের নাম বাদ গিয়েছে। 
এদিকে গত লোকসভা নির্বাচনে কুমারগঞ্জ বিধানসভায় ২৩ হাজার ভোট বেশি পেয়েছিল তৃণমূল। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তোরাফ হোসেন মণ্ডল ২৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। ফলে অঙ্কের দিক থেকে বিজেপি এগিয়ে থাকলেও সাংগঠনিক দিক দিয়ে বিজেপি একেবারেই পিছিয়ে রয়েছে কুমারগঞ্জ বিধানসভায়। 
এবার ওই বিধানসভায় বিজেপির প্রার্থী শুভেন্দু সরকার। তিনি একসময় দলের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি ছিলেন এবং বর্তমানে রাজ্য বিজেপির ওবিসি মোর্চার সভাপতি। কাজেই ওই বিধানসভায় তৃণমূল এবং বিজেপির লড়াই জমে উঠেছে। উন্নয়নকে হাতিয়ার করে গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী। এসআইআরে নাম বাদ গেলেও জেতার বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ