Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুনীল নারিনকে কৃতিত্ব কুলদীপের

সুনীল নারিনকে কৃতিত্ব কুলদীপের
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি আইপিএলে দুরন্ত ছন্দে কুলদীপ যাদব। দুই ম্যাচে তাঁর ঝুলিতে ৫ উইকেট। প্রথম ম্যাচে ২ উইকেটের পর রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর শিকার ৩। বোলিংয়ে উন্নতির জন্য সম্প্রতি এক সাক্ষাত্কারে সুনীল নারিনকে কৃতিত্ব দিয়েছেন কুলদীপ। চায়নাম্যান স্পিনারের কথায়, ‘ইদানিং বোলারদের জন্য ক্রিকেট খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে আইপিএলে। তা সত্ত্বেও বল হাতে যশপ্রীত বুমরাহ, সুনীল নারিনরা দাপট দেখায়। কেকেআরে থাকাকালীন নারিনের পরামর্শে সমৃদ্ধ হয়েছি। ওকে দেখে মনে হতো, সময়ের আগে চলছে। নারিন বরাবর লেংথ ঠিক রাখার কথা বলত। শুরুর দিকে আমি নিজের স্কিলের উপরই ভরসা রাখতাম। তবে ২০২১ সালে চোট সারিয়ে ফেরার পর নারিনের কথামতো লেংথে উন্নতি করেছি। তাতে দারুণ ফল মিলেছে।’

Advertisement

আইপিএলে বোলিং প্রসঙ্গে কুলদীপ আরও বলেন, ‘উইকেট যে কেউ পেতে পারে। তবে ইকনমি ঠিক রাখা খুবই কঠিন। কারণ, বিশ্বের সেরা ব্যাটারদের বিরুদ্ধে খেলতে হয় এই টুর্নামেন্টে।’ উল্লেখ্য, কুলদীপকে এবার মেগা নিলামের আগে দিল্লি ক্যাপিটালস রিটেইন করেছিল। অক্ষর প্যাটেলের নেতৃত্বে দারুণ ফর্মে তিনি। কুলদীপের কথায়, ‘অক্ষরের সঙ্গে ছোটবেলা থেকে খেলছি। ২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। তাতে আমরা দু’জনেই স্ট্যান্ডবাই ছিলাম। তখন থেকেই আমাদের বন্ধুত্ব। আমাদের বোঝাপড়া খুবই ভালো। তাছাড়া আমরা ভিন্ন ধরনের স্পিনার। আমি উইকেট নিতে আগ্রাসী বোলিং করি। আর ও আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে। তাই আমাদের জুটিও হিট।’

Advertisement
সম্পর্কিত সংবাদ