সংবাদদাতা, বিষ্ণুপুর: ৭৪তম রাজ্য অ্যাক্রোব্যাটিক জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে কোতুলপুরের দুই প্রতিযোগী স্বর্ণপদক জিতল। এখানকারই আরও চার প্রতিযোগী রৌপ্যপদক জয় করেছে। শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার পাটুলি সেন্ট্রাল ক্লাবে এই প্রতিযোগিতা হয়। সেখানে কোতুলপুরের ছয় প্রতিযোগী বাঁকুড়া জেলার প্রতিনিধিত্ব করেন। সিনিয়ার মিক্স পেয়ার বিভাগে সুদীপ দাস ও সঙ্গীতা লোহার গোল্ড মেডেল পান। একই বিভাগে অর্ঘদীপ মণ্ডল ও শ্রীতমা সাঁতরা সিলভার মেডেল পেয়েছেন। জুনিয়ার মিক্স পেয়ার বিভাগেও দেবজিৎ কর্মকার ও সৌমিলি রায় সিলভার মেডেল পান। প্রতিযোগীদের কোচ দীপ্তাম্বর হালদার বলেন, রাজ্যস্তরের প্রতিযোগিতায় সফল ছয় প্রতিযোগী ২৯ ডিসেম্বর সুরাটে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।



