Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে স্কুলের সামনে মদ বিক্রি, প্রতিবাদে তুমুল বিক্ষোভ

কোতুলপুরে স্কুলের সামনে মদ বিক্রি, প্রতিবাদে তুমুল বিক্ষোভ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শিশুশিক্ষা কেন্দ্রের সামনে বেআইনিভাবে মদ বিক্রি চলছিল। বারণ করলে ধমক দিত বিক্রেতারা। নাবালকরা মদে আসক্ত হয়ে পড়ায় নিত্যদিন বাড়িতে অশান্তি হচ্ছিল। অভিযোগ, পুলিসকে জানিয়েও লাভ হয়নি। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় পথে নামলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে কোতুলপুরের হরিপুরে মদের আসর বসানোর প্রতিবাদে বিক্ষোভ ঘিরে গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
Advertisement
এদিন গ্রামের পুরুষ-মহিলা সবাই মিলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিস আসে। শতাধিক বাসিন্দার স্বাক্ষর-সম্বলিত লিখিত অভিযোগপত্র পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পুলিস জানিয়েছে, হরিপুরে এর আগেও অভিযান চালিয়ে মদের আসর তুলে দেওয়া হয়েছিল। এবারও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিক্ষোভকারীরা জানান, হরিপুর গ্রামে একটি হিমঘর রয়েছে। তার পাশেই আশে শিশুশিক্ষা কেন্দ্র। সেখানে বেশ কিছু দোকানের দাওয়ায় বসে দিনরাত প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে। খুদে পড়ুয়ারা যাতায়াতের সময় মদের গন্ধ পায়। আর সন্ধ্যার পর ওই রাস্তায় নেশাগ্রস্তদের ভিড় জমে যায়। তারা মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পুলিস এলেই নেশাগ্রস্তরা পালিয়ে যায়। পরে আবার নেশার আসর বসায়।
অভিযোগ, গ্রামেরই দু’একজন বহুদিন ধরে বেআইনিভাবে দেশি, বিদেশি মদ বিক্রি করছে। হাতের কাছে মদ পেয়ে এলাকার নাবালক স্কুলড়পয়াদের অনেকেও তাতে আসক্ত হয়ে পড়ছে। বাড়ির পুরুষরা কাজ করছে না। মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকছে। প্রতিবাদ করলে বাড়ির মহিলাদের মারধর করছে। হরিপুরের গৃহবধূ পিউ মালিক বলেন, আমাদের দাবি, গ্রাম থেকে মদের আসর তুলতে হবে। ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। বারণ করলে বিক্রেতাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। অপর বধূ মুনমুন ধাড়া বলেন, শিশুশিক্ষা কেন্দ্রের সামনেই দোকানের দাওয়ায় মদ বিক্রি করা হচ্ছে। পুরুষরা মদ খেয়ে বাড়ি ফিরে অশান্তি করছে। যেটুকু রোজগার করছে, তা মদেই উড়িয়ে দিচ্ছে। ছেলেমেয়েদের টিউশনের টাকা জোগাড় করতে আমাদের দিনমজুরি করতে হচ্ছে। প্রকাশ্যে মদ বিক্রির জেরে আমাদের পাড়ার বদনামও হচ্ছে। গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এক অভিযুক্তের বাড়ি দিয়ে নিষেধ করেছিলেন। তাতে কর্ণপাত না করায় বৃহস্পতিবার আন্দোলনে নামা হয়েছে।
সম্পর্কিত সংবাদ