সংবাদদাতা, বিষ্ণুপুর: মঙ্গলবার রাতে কোতুলপুরের খুনডাঙা বাজারে পরপর চারটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ব্যবসায়ীরা এসে দেখেন, মাছ ও মাংসের দোকান, চায়ের দোকান, পান গুমটি ও এক ব্যক্তির নির্মীয়মাণ দোকানঘরে ভাঙচুর চালানো হয়েছে। জিনিসপত্র লুট করা হয়েছে। ঘটনাটি চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যবসায়ীরা ক্ষোভ উগরে দেন। অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সরব হন। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
খুনডাঙার ব্যবসায়ী জাহিরুদ্দিন হাজারি বলেন, বাজারে আমার মাছ ও মুরগির দোকান রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে চুরির খবর পেয়ে এসে দেখি দোকানের একদিকের দেওয়াল শাবল দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। খাঁচা ভেঙে ৩৫টি মুরগি লুট করা হয়েছে। অপর ব্যবসায়ী জয়নাল হাজারি বলেন, ২০ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি। কখনও এমন ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাতে আমার উনুন ভেঙে দিয়েছে। বেঞ্চ ভাঙা হয়েছে। ছাউনি নড়িয়ে ভাঙার চেষ্টা করা হয়েছে। পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে। ব্যবসায়ী আসপিয়া হাজারি বলেন, দুষ্কৃতীরা শাবল দিয়ে আমার পানের গুমটির একাংশ ভেঙেছে। তবে মালপত্র নিয়ে যায়নি। কে বা কারা এধরনের ঘটনা ঘটাল, আমরা তার উপযুক্ত শাস্তি চাই। শেখ জাকির হোসেন বলেন, আমি কোতুলপুরে থাকি। খুনডাঙা বাজারে নতুন একটি দোকানঘর নির্মাণ করছি। সদ্য ঢালাই করা পিলার ভেঙে দেওয়া হয়েছে। খুনডাঙায় এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। পুলিসের কাছে ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।



