Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুর হাসপাতালের গাছ কেটে বিক্রি, ছুটিতে পাঠানো হল বিএমওএইচকে

কোতুলপুর হাসপাতালের গাছ কেটে বিক্রি, ছুটিতে পাঠানো হল বিএমওএইচকে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে হাসপাতাল চত্বরে সঙ্গত কারণ ছাড়াই বহু পুরনো দু’টি গাছ কেটে বিক্রি করে দেওয়ায় নষ্ট হয়েছে ‘ট্রি শেড’। সেই অভিযোগে বিএমওএইচকে ছুটিতে পাঠালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তার জায়গায় নতুন একজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত বিএমওএইচকে শোকজ করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ‘ট্রি শেড’ ধ্বংস করার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। বিষ্ণুপুরের সিএমওএইচ গোপাল দাস বলেন, কোতুলপুরে সঙ্গত কারণ ছাড়াই দু’টি পুরনো বড় গাছ কাটা হয়েছে। এনিয়ে অভিযোগ আসার পরে ডেপুটি সিএমওএইচ-২ কে তদন্তে পাঠানো হয়। তাঁর রিপোর্টে নেতিবাচক তথ্য উঠে এসেছে। সেই অনুযায়ী ব্লক স্বাস্থ্য আধিকারিককে হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ৭ দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযুক্ত বিএমওএইচ ছুটিতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
Advertisement
স্থানীয় বাসিন্দারা বলেন, কোতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে বহু পুরনো একাধিক গাছ রয়েছে। তার মধ্যে দু’টি গাছ কিছুদিন আগে কেটে বিক্রি করে দেওয়া হয়। একইভাবে মির্জাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরের একাধিক গাছও কাটা হয়। আমরা ভাবলাম কোনও বড় বিল্ডিং হবে, সেজন্য গাছ কাটা হচ্ছে। তবুও যারা গাছ কাটতে এসেছিল তাদের জিজ্ঞাসা করা হয়েছিল। তারা কিছু জানায়নি। হাসপাতালের কর্মীদের একাংশও এ ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি। এখন শুনছি বিনা কারণে গাছগুলো কাটা হয়েছে। হাসপাতালে আসা রোগীর পরিজনরা বলেন, কোতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে থাকা বড় বড় গাছ ছায়া দেয়। গ্রীষ্মকালে রোগীর আত্মীয়স্বজনরা সেখানে বিশ্রাম নেন। দু’টি বড় গাছ কেটে দেওয়ায় আর ছায়া পাওয়া যাবে না। সামনেই গরমকাল আসছে। খুব অসুবিধা হবে। দেশজুড়ে যেখানে বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে, সেখানে কোনও কারণ ছাড়াই একজন স্বাস্থ্য আধিকারিক হয়ে হাসপাতাল চত্বরে থাকা গাছ কেটে বিক্রি করে দেওয়া মোটেই উচিত হয়নি। কোতুলপুর গ্রামীণ হাসপাতালে রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স চালকরা বলেন, সবসময় রোগী পরিবহণের কাজ থাকে না। তখন চড়া রোদের হাত থেকে বাঁচতে ওই গাছের ছাওয়াই ছিল ভরসা। কিন্তু সেই গাছ কেটে নেওয়ায় আমাদের সমস্যা বাড়ল।    
Advertisement
সম্পর্কিত সংবাদ