সংবাদদাতা, বিষ্ণুপুর: ফি বছর বর্ষায় কোতুলপুর বাজার জলে ভাসে। এমনকী কোতুলপুরের ব্যস্ততম মিল মোড় এবং নেতাজি মোড় এলাকায় বিষ্ণুপুর-আরামবাগ মেন রাস্তা জলের তলায় চলে যায়। এনিয়ে স্থানীয় বাসিন্দারা জল নিকাশের সুষ্ঠু দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবি মেনে মিল মোড় এলাকায় এক কিমি জুড়ে হাইড্রেন তৈরির কাজ শুরু করল রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলা পরিষদের মাধ্যমে ৪০লক্ষ টাকা খরচ করে হাইড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন।
Advertisement
কোতুলপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগ বলেন, কোতুলপুর বাজার এলাকায় প্রচুর বসতি গড়ে উঠেছে। বর্ষাকালে পর্যাপ্ত জল বেরতে না পারায় মিল মোড়, নেতাজি মোড় সহ গোটা বাজার এলাকায় জল জমে যায়। মেন রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহন চলাচলেও সমস্যা হয়। সেই জন্য আমরা স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে জেলা পরিষদে একটি হাইড্রেন তৈরির প্রস্তাব পাঠিয়েছিলাম। তাঁরা সাড়া দিয়েছেন। পঞ্চদশ অর্থ কমিশন থেকে ৪০ লক্ষ ৬০হাজার টাকা বরাদ্দ করেছেন। দ্রুত কাজও শুরু করা হয়েছে। তা সম্পূর্ণ হলে আগামী দিনে ওই এলাকায় জল জমার সমস্যা থাকবে না।



