নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার বিকেলে কোতুলপুরে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাহেব মাজি(৩৯)। তাঁর বাড়ি ইন্দাসের বাজিতপুর এলাকায়। ঘটনায় বাইকের আরোহী অপর এক যুবক জখম হয়েছেন।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কাজ সেরে সাহেব সহ দু’জন বাইকে চেপে বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিলেন। মির্জাপুর বাজারের কাছে বাইকের সামনে যাওয়া একটি বালি ভর্তি ট্রাক হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে যায়। বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারেন। ঘটনায় বাইকের দুই আরোহী জখম হন। তাঁদের উদ্ধার করে গোগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাহেব মারা যান। জখম যুবকের চিকিৎসা চলছে। কোতুলপুর থানার এক আধিকারিক বলেন, চালক সহ ট্রাকটিকে আটক করা হয়েছে।



