Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু

কোতুলপুরে বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা,বিষ্ণুপুর: শুক্রবার দুপুরে কোতুলপুরে বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম লালমোহন সাঁতরা(৪২)। বাড়ি স্থানীয় গাঁতি গ্রামে। পুলিস জানিয়েছে, এদিন দুপুরে লালমোহনবাবু সাইকেলে রাস্তা পারাপার করছিলেন। সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি বালিবোঝাই ডাম্পার ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। চালক পলাতক। মৃতের দাদা ভাদু সাঁতরা বলেন, ভাই এদিন দুপুরে সাইকেল নিয়ে কোতুলপুর বাজারে গিয়েছিল। বাড়ি ফেরার সময় কোতুলপুরের সিনেমাতলা এলাকার রাস্তায় বেপরোয়া ডাম্পারে তাকে ধাক্কা মারে। জনবহুল রাস্তায় দ্রুত গতিতে ডাম্পারটি চালানোয় দুর্ঘটনাটি ঘটেছে। বিষ্ণুপুর-কোতুলপুর রাস্তায় পরপর দুর্ঘটনা ঘটেই চলেছে। যান নিয়ন্ত্রণের জন্য পুলিসের তরফে নানা পদক্ষেপ নেওয়া হলেও দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিনও দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যান নিয়ন্ত্রণের দাবিতে ক্ষোভ উগরে দেন। যদিও বিষ্ণুপুর-কোতুলপুর রাস্তায় বারবার দুর্ঘটনার জেরে জয়পুরের গেলিয়ায় একটি পুর্ণাঙ্গ ট্রাফিক কন্ট্রোল অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ