সংবাদদাতা, বিষ্ণুপুর: গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে সোমবার পুলিস কোতুলপুরের গোগড়া থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুধা চট্টোপাধ্যায়। তার বাড়ি গোগড়ার ব্রাহ্মণপাড়ায়। সম্পর্কে সে মৃতার শাশুড়ি। পুলিস জানিয়েছে, কয়েকদিন আগে গোগড়ার বাসিন্দা এক গৃহবধূকে খুনের অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে বুধবার মৃতার স্বামী সৌমিত্র চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন মৃতার শাশুড়িকেও গ্রেপ্তার করা হল। বধূর নাম সৃজা চট্টোপাধ্যায়। অভিযোগ, পণের দাবিতে তাঁর ওপর অত্যাচার করা হতো। গত ১০ তারিখ সন্ধ্যায় তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁর বাবাকে ফোন করে জানায়, সৃজা অসুস্থ। তাঁর বাবা রাতেই হাসপাতালে গিয়ে দেখেন, মেয়ে মারা গেছে। শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে। এরপরই সৃজার বাবা কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস প্রথমেই তাঁর স্বামীকে গ্রেপ্তার করে। সোমবার তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করা হয়।



