Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটল জটিলতা, ২ জানুয়ারি ডুয়ার্স উৎসব শুরু আলিপুরদুয়ারে

কাটল জটিলতা, ২ জানুয়ারি ডুয়ার্স উৎসব শুরু আলিপুরদুয়ারে
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এবছর ডুয়ার্স উৎসব ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। তৃণমূল নেতাদের আকচাআকচির জেরে এবছর ডুয়ার্স উৎসব কবে হবে বা আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় জেলাবাসী হতাশ হয়ে পড়েছিলেন। অবশেষে শনিবার উৎসব কমিটির মিটিংয়ের পর সেই জটিলতা কাটল। আগামী ২ জানুয়ারি শহরের প্যারেড গ্রাউন্ডে শুরু হচ্ছে ১৯তম ডুয়ার্স উৎসব। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। উৎসব কমিটির সভাপতি আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলার নির্দেশে মহকুমা শাসকের কনফারেন্স হলে এদিন এই বৈঠক হয়। মহকুমা শাসক দেবব্রত রায়ের পৌরহিত্যে বৈঠক হয়। সেই বৈঠকেই ১৯তম ডুয়ার্স উৎসবের দিন তারিখ স্থির হয়েছে। 
Advertisement
বৈঠকে দিল্লি থেকে ভার্চুয়ালি অংশ নেন উৎসব কমিটির চিফ অ্যাডভাইজার রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। কলকাতায় থাকার জন্য বৈঠকে ছিলেন না বিধায়ক সুমন কাঞ্জিলাল। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে ও স্থানীয় পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর। 
তারপরেও বৈঠকে তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে দলের অন্দরে। যদিও গঙ্গাপ্রসাদবাবু বলেন, অন্য কোনও কারণ নেই, অসুস্থতার জন্য শনিবার বৈঠকে যেতে পারিনি। বৈঠকের পর ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, ডুয়ার্স উৎসব নিয়ে দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। এসব স্রেফ গুজব। এবারের উৎসবে মাঠে দুই হাজার স্টল থাকবে। প্রতিবারের মতো এবছরও ভুটান ও নেপালের স্টল থাকবে। তবে বাংলাদেশে অস্থিরতার কারণে এবছর উৎসবে তাদের স্টল থাকছে না।
এবছর ডুয়ার্স উৎসবে জেলার সমস্ত জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে। উৎসবের প্রবেশমূল্য ১০ টাকা। এদিন বৈঠকে পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর প্রস্তাব দেন কোচবিহারের রাসমেলার মতো ডুয়ার্স উৎসবেও প্রবেশ ফ্রি করা হোক। যদিও উৎসব কমিটির সাধারণ সম্পাদক বলেন, এটা সম্ভব নয়। কারণ উৎসবে প্রচুর খরচ রয়েছে। তাই ইচ্ছে থাকলেও এই প্রস্তাব মানা যাচ্ছে না।
সম্পর্কিত সংবাদ