সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে সমবায় নির্বাচনে জয়ী হল তৃণমূল। বিজেপি প্রভাবিত কাঁথি-১ ব্লকের পতাপুকুরিয়া অনন্তরাউৎবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ৪১টি আসনের মধ্যে ৩৭টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বাকি চারটি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। গত কয়েকদিন এই সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তৎপরতা ছিল লক্ষ্যণীয়। মঙ্গলবার কড়া পুলিসি নিরাপত্তায় ভোট হয়। ভোট শেষে ফলাফলে বিজেপিকে পর্যুদস্ত করে বাজিমাত করে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে কাঁথি-১ ব্লকে এগিয়ে গিয়েছিল বিজেপি। তবে এই বিপুল জয়ে স্বস্তি ফিরল তৃণমূল শিবিরে। সমিতির পরিচালন ক্ষমতা ফের তৃণমূলের দখলেই এল।
Advertisement
জয়ের পর আবির মাখিয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। ব্লক তৃণমূল সভাপতি সুনীত পট্টনায়ক বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রার্থীদের ভোট দিয়েছেন। এর থেকে প্রমাণিত হচ্ছে, বিজেপির যেটুকু শক্তি ছিল তা ক্ষয় হচ্ছে। আগামী দিনে তাও ধরে রাখতে পারবে না। বিজেপি যতই তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করুক, মানুষ আমাদের পাশে রয়েছেন।
বিজেপি নেতা, কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উমেশ প্রধান বলেন, সমবায় নির্বাচনের ফলাফল দিয়ে সবকিছু বিচার করা যায় না। তৃণমূল বরাবরই দখলের রাজনীতি করে ভোট তাদের দিকে টানার ক্ষেত্রে সিদ্ধহস্ত। আগামী দিনে নিশ্চয়ই ভালো ফল করবে বিজেপি।