সংবাদদাতা, কাঁথি: কাঁথি-৩ ব্লকের কুমীরদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে জয় পেল তৃণমূল। বুধবার সমিতির নির্বাচনে ন’টি আসনের মধ্যে ছ’টি তৃণমূল এবং বাকি তিনটি পায় বিজেপি। এদিন কড়া পুলিসি নিরাপত্তায় ভোট হয়। নির্বাচন শেষে ফলাফলে দেখা যায়, বিজেপিকে পিছনে ফেলে তৃণমূলের প্রতিনিধিরা জয়লাভ করেছেন। জয়ের পর বিজয় উল্লাসে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। এতদিন মিলিজুলি বোর্ড চলছিল। এবার থেকে সমিতির পরিচালন করবে তৃণমূল।
Advertisement
পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা বিকাশ বেজ বলেন, বিজেপি বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নেমেছিল। কিন্তু মানুষ ওদের পাশে নেই। মানুষ যে তৃণমূলের পাশে রয়েছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। সমিতির সার্বিক উন্নয়নে নতুন বোর্ড সচেষ্ট থাকবে। বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল বলেন, বিজেপি ক্ষমতা দখল করতে না পারলেও যথেষ্ট লড়াই দিয়েছে।



