সংবাদদাতা, কাঁথি: কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঘাপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। রবিবার এই সমিতির নির্বাচন হয়। মোট ৫৪টি আসনের মধ্যে ৪৭টি এসেছে তৃণমূলের দখলে। সাতটি পেয়েছে বিজেপি। ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের মধ্যে রয়েছে বাঘাপুট এলাকা। দারিয়াপুর ও পার্শ্ববর্তী বামুনিয়া পঞ্চায়েতের একাংশ নিয়ে এই সমবায়ের নির্বাচনী ক্ষেত্র রয়েছে। দু’টি পঞ্চায়েতই বিজেপির দখলে রয়েছে। সেখানে সমিতির নির্বাচনে তৃণমূলের এই বিপুল জয় তাৎপর্যপূর্ণ এবং এলাকায় দলের ভিত্তি আরও মজবুত হল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন জয়ের পর উল্লাসে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা।
Advertisement
জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা বলেন, আমরা জয়ী প্রার্থী ও ভোটারদের বিশেষভাবে অভিনন্দন জানিয়েছি। এই বিপুল জয় প্রমাণ করে মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন। মানুষ আমাদের সরকারের পক্ষেই রায় দিয়েছেন। বিজেপির দেশপ্রাণ দক্ষিণ মণ্ডলের সভাপতি পবিত্র প্রধান বলেন, তৃণমূল সবসময় পেশিশক্তি আর প্রলোভনের রাজনীতিতে ভোট তাদের দিকে টানতে সিদ্ধহস্ত। তবে আমরা যথেষ্ট লড়াই দিয়েছি।



