সংবাদদাতা, কাঁথি: স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ছাত্রের সাইকেল হারিয়ে গিয়েছিল। সেই সাইকেল কেন পাওয়া যায়নি, স্কুলের নিরাপত্তা নেই কেন, এইসব প্রশ্ন তুলে ছাত্রাবাসে ঢুকে কর্তব্যরত প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। মঙ্গলবার কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুলে ঘটনাটি ঘটে। তাঁকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওই অভিভাবকের বাড়ি কাঁথির বখশিসপুর এলাকায়। প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই সংশ্লিষ্ট জুনপুট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখানে এক ছাত্রের সাইকেল চুরি হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসার পর তারা জানায়, ক্যাম্পাস থেকে যদি সাইকেল চুরি যায়, তাহলে একটি লিখিত আবেদন করতে হবে। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে। তবে এনিয়ে সন্তুষ্ট ছিলেন না কিছু অভিভাবক। তাঁদের মধ্যে একজন এদিন স্কুলে আসেন এবং প্রধান শিক্ষককে নানা কথা বলে হুমকি দেন বলে অভিযোগ। প্রধান শিক্ষক বলেন, এর আগেও আমাকে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করে হুমকির মুখে পড়তে হয়েছিল। আমি আশা করছি, পুলিস এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।



