সংবাদদাতা, কাঁথি: পৌষে শীতের আমেজে পিঠেপুলি মেলায় মজেছেন কাঁথি শহরের বাসিন্দারা। পাটিসাপটা, দইবড়া, দুধপুলি, সাতপুরি, সরুচাকলি, কী নেই! বৃহস্পতিবার থেকে কাঁথি পুরসভার উদ্যোগে শহরের রাও রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে দশম বর্ষের পিঠেপুলি উৎসব শুরু হয়েছে। ওইদিন সন্ধ্যায় চারদিনব্যাপী পিঠেপুলি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ। পুরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না সহ কাউন্সিলাররা সেখানে উপস্থিত ছিলেন। পিঠেপুলি উৎসবের স্টলে বাড়িতে তৈরি হরেকরকমের পিঠের সম্ভার নিয়ে হাজির হয়েছেন শহরের ২১টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমেছে। পিঠে খেয়ে রসনাতৃপ্তির পাশাপাশি বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। কিছু স্টলে হস্তশিল্পের নানা সম্ভার এসেছে।
Advertisement
পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূলের সভাপতি টিঙ্কু করণ বলেন, শীতকাল মানেই পিঠের মরশুম। পুরসভার উদ্যোগে এই পিঠেপুলি মেলা ঘিরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে এক অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে।পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, আগে শীতকালে বাড়ি বাড়ি পিঠেপুলি তৈরি হতো। কিন্তু এখন ব্যস্ত সময়ে গৃহস্থবাড়িতে পিঠে তৈরির রেওয়াজ ক্রমশ উঠে যাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ যাতে সহজে পিঠেপুলির স্বাদ নিতে পারেন, সেজন্য এই মেলা আয়োজিত হয়েছে।



