সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে পথদুর্ঘটনায় এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকালে কাঁথি থানার মহিষাগোটের পেট্রল পাম্পের কাছে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রদীপ মাঝি(৪২)। তাঁর বাড়ি মহিষাগোট লাগোয়া দক্ষিণ পতাপুকুরিয়ায়।
Advertisement
পুলিস জানিয়েছে, এদিন প্রদীপবাবু বাড়ি থেকে বেরিয়ে পেট্রল পাম্পের কাছে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় দীঘার দিক থেকে প্রচণ্ড জোরে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকচালককে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রদীপবাবুকে ধাক্কা মারে। বাইকচালক ছিটকে পড়ে জখম হলেও প্রাণে বেঁচে যান। গাড়িটি তাঁর বাইক কিছুদূর টেনে নিয়ে যায়। কিন্তু, প্রদীপবাবু ধাক্কার জেরে ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্য বাইকের চালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।



