সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে প্রাক্তন শিক্ষিকার দান করা জায়গার উপর গড়ে ওঠা নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হল। স্থায়ী ভবন পেল শিশুরা। সোমবার কাঁথি-৩ ব্লকের লাউদা এলাকায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ সহ জনপ্রতিনিধিরা। ছিলেন শিক্ষিকা অনুরাধা জানা এবং তাঁর স্বামী সোমনাথ জানা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন তৈরির জন্য ১২লক্ষ টাকা দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সেই টাকায় ভবন নির্মাণের কাজ শুরু হয়। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হওয়ায় এলাকার বাসিন্দারা খুশি।
Advertisement
উল্লেখ্য, দহলাউদা বরদাসুন্দরী গার্লস হাইস্কুলের প্রাক্তন টিচার ইনচার্জ এবং লাউদা এলাকার বাসিন্দা অনুরাধাদেবী। তিনি কয়েক বছর আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ৫ডেসিমল জায়গা দান করেছিলেন। সেই জায়গার উপর অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠেছে। এর আগে গ্রামে একটি ক্লাবের ঘরে শিশুরা পড়াশোনা করত। তাদের খুবই অসুবিধা হতো। স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌমেন জানা বলেন, আমরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেয়েছি। এবার স্থায়ী এবং নতুন ভবনে তারা পড়াশোনা করবে। এই কেন্দ্রটি মডেল অঙ্গনওয়াড়ি হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রশস্ত ঘর, রান্নাঘর, বাথরুম সহ অন্যান্য পরিকাঠামো রয়েছে। রয়েছে শিশুবান্ধব এবং পঠনপাঠনের উপযোগী পরিবেশও।



