Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে নিজের পুত্রসন্তানকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে গ্রেপ্তার বাবা

কাঁথিতে নিজের পুত্রসন্তানকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে গ্রেপ্তার বাবা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: স্ত্রী মানসিক ভারসাম্যহীন। তাই নিজের মাত্র ৪০দিনের শিশুপুত্রকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়েছিলেন হতদরিদ্র বাবা। শেষ পর্যন্ত ওই শিশুকে উদ্ধারের পাশাপাশি তার বাবাকে পুলিস গ্রেপ্তার করেছে। এঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাঁথির জুনপুট থানার করঞ্জি এলাকায় এঘটনা ঘটেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ওই শিশুর বাবা করঞ্জি গ্রামের সুবর্ণ প্রামাণিক। পাশাপাশি জুনপুটেরই দক্ষিণ গোপীনাথপুরের সত্যরঞ্জন পাত্র, পুণ্য পাত্র ও বেণীপুর গ্রামের অভিজিৎ মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট সহ অন্য ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার চারজনকেই কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে সবার পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে হোমে পাঠানো হয়েছে।
ওসি কামার হাসিদ বলেন, এভাবে নিজের শিশুকে অন্যের হাতে তুলে দেওয়া যায় না। ধৃতদের জেরা করা হচ্ছে। সুবর্ণ ছাড়া বাকিরা এঘটনার সঙ্গে কতটা যুক্ত, তাও জানার চেষ্টা চলছে।
সুবর্ণ গানের দলের সঙ্গে যুক্ত। তার স্ত্রী অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন। দরিদ্র পরিবার। এই পরিস্থিতিতে পুত্রসন্তানকে কে মানুষ করবে, তা নিয়ে সুবর্ণ চিন্তায় ছিলেন। অভিজিৎও সুবর্ণর সঙ্গে গানের দলে রয়েছে। সত্যরঞ্জন ও পুণ্য টোটো চালায়। তাদের মাধ্যমে রামনগর থানার গাংপুরা গ্রামের এক নিঃসন্তান দম্পতির সঙ্গে সুবর্ণর যোগাযোগ হয়। একমাসেরও বেশি আগে গোপনে নিজের শিশুপুত্রকে ওই দম্পতির হাতে তুলে দেন সুবর্ণ। তবে ক্রমশ বিষয়টি এলাকায় জানাজানি হয়। এলাকাবাসীর চাপে পড়ে গত শুক্রবার সুবর্ণ সহ বাকিরা ওই দম্পতিকে বুঝিয়ে শিশুটিকে নিয়ে আসে। এছাড়া, জুনপুট কোস্টাল থানায় তারাই বিষয়টি জানায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ