সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার বসন্তিয়ার চকগোবিন্দবেড়িয়া এলাকায় হনুমান জিউ মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার গভীর রাতে মন্দিরে হানা দেয় দুষ্কৃতীরা। তারা মন্দিরের গ্রিলের তালা ভেঙে পিতলের ঘট, বাসনপত্র সহ নানা সামগ্রী চুরি করে চম্পট দেয়। বুধবার সকালে পুরোহিত নিত্যপুজো করতে এসে দেখেন, মন্দিরের তালা ভাঙা। ভিতরে সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন মন্দিরে আসেন। স্থানীয় একটি ক্লাব মন্দিরটি পরিচালনা করে। ক্লাবের কর্মকর্তারা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে পুলিস। স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জয় বেরা বলেন, আমরা পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছি। পুলিস জানিয়েছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।



