সংবাদদাতা, কাঁথি: কাঁথি শহরের ১৪নম্বর ওয়ার্ড এলাকায় এক গৃহবধূর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় পুলিস তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। স্ত্রীকে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাঁথি থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম চন্দন ঘোড়াই। শনিবার তাকে কলকাতার সল্টলেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস বিস্তারিত জানতে চন্দনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন এলাকায় একটি বন্ধ ঘর থেকে বছর তিরিশের ওই গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার হয়। ঘরটি বাইরে থেকে খিল দেওয়া ছিল। যখন গৃহবধূর দেহ উদ্ধার হয়, তখন বাড়িতে তাঁর স্বামী কিংবা অন্য কেউ ছিল না। বন্ধ ঘর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। গত ২২ অক্টোবর গৃহবধূর বাপেরবাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর বাড়িতে তালাবন্ধ করে চলে গিয়েছে পরিবারের সদস্যরা। এই ঘটনায় স্বামী সহ কয়েকজন জড়িত রয়েছে।



