সংবাদদাতা, কাঁথি: কাঁথির চেঁচুড়াপুট এলাকায় ডিজের তাণ্ডব নিয়ে জনসচেতনতা গড়তে গিয়ে নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী আক্রান্ত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হল। সংবাদমাধ্যমের কর্মী আক্রান্ত হওয়ার ঘটনাতেও পৃথক অভিযোগ দায়ের হয়েছে। জুনপুট কোস্টাল থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
উল্লেখ্য, ডিজে সাউন্ডবক্সের কুপ্রভাব নিয়ে মঙ্গলবার চেঁচুড়াপুটে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বিডিও, বিএমওএইচ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক জনসচেতনতা সভার আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। এলাকায় ডিজের সাউন্ডবক্সের তাণ্ডবের প্রতিবাদ এবং জনসচেতনতা গড়ায় প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াইয়ের সঙ্গে গ্রামবাসীদের আগে থেকেই রেষারেষি ছিল। সেই রেষারেষির জেরে এলাকাবাসী সভায় অংশ নেয়নি। সভা শেষে আশ্রয় কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পুলিস তৎপরতার সঙ্গে প্রধান শিক্ষককে বের করে নিয়ে গেলেও অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়। দুই শিক্ষককে মারধর করা হয়। টোটোয় চেপে বেরিয়ে যাওয়ার মুখে পড়ুয়াদের শারীরিকভাবে হেনস্তা করা হয়। দুই ছাত্রের আইডেন্টিটি কার্ডের দড়ি গলায় পেঁচিয়ে খুনের চেষ্টা করা হয়। মাইক, সাউন্ডবক্স ভাঙচুর করা হয়। শুভদীপ প্রামাণিক ও শুভজিৎ মিদ্যা নামে দুই ছাত্র বর্তমানে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সভার আয়োজক এনসিসির প্রোগ্রাম অফিসার সহ স্বাস্থ্য আধিকারিকও আক্রান্ত হন। পাশাপাশি এক বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিককেও বেধড়ক মারধর করা হয়। তিনিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন। প্রধান শিক্ষক বলেন, স্কুল সন্নিহিত এলাকায় নানা অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন সময়ে ডিজের তাণ্ডব চলে। অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। এলাকায় জনসচেতনতা করতে গিয়ে এই ঘটনা ঘটল। আশা করছি, পুলিস অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। থানার ওসি কামার হাসিদ বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত শুরু হয়েছে।



