সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে সরস্বতী পুজোর বিসর্জন করতে গিয়ে হাইটেনশন লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইক অপারেটরের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুমন প্রধান(২০)। তাঁর বাড়ি খেজুরির দক্ষিণ কলাগেছিয়া এলাকায়। বৃহস্পতিবার রাতে কাঁথি থানার মুকুন্দপুর এলাকায় ঘটনাটি ঘটে। একটি সাউন্ড সার্ভিস সংস্থার মাইকসেট নিয়ে এসেছিলেন সুমন। বিসর্জনের সময় ভ্যান রিকশয় উঁচু করে সাউন্ডবক্স বাঁধা হয়। উপর দিয়ে যাওয়া লাইনের তার সরাতে গিয়ে তিনি কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
অন্যদিকে, এদিন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে কাঁথি-মাজনা সড়কে ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। মৃতার নাম শান্তি গুপ্ত(৪২)। বাড়ি কাঁথির মাজনা এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ডাম্পার তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস ডাম্পারটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।



