সংবাদদাতা, কাঁথি: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিস। ধৃতের নাম অরিন্দম দাস। বাড়ি মারিশদার চাঁদবেড়িয়া এলাকায়। পুলিস তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ডিঙ্গলবেড়িয়া মোড়ের কাছে কাঁথি-রসুলপুর রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। টহলদারি পুলিসকে দেখে সে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিস তাকে ধরে ফেলে। এরপর ওই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। অপর একটি ঘটনায় স্ত্রীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হল স্বামী। দীঘা কোস্টাল থানার পুলিস অভিযুক্ত সূর্যকান্ত করকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি জুনপুট কোস্টাল থানার বাঁকিপুট গ্রামে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল না সূর্যকান্তের। ওই মহিলা দীঘা মোহনায় শুকনো মাছের আড়তে কাজ করেন। মঙ্গলবার স্ত্রীর সঙ্গে ঝগড়া চলাকালীন সে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নিগৃহীতা গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দু’টি ঘটনায় ধৃতদের বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।



