সংবাদদাতা, কাঁথি: কলসেন্টার খুলে সাইবার প্রতারণার কারবার চালানোর অভিযোগে ৯জনকে গ্রেপ্তার করেছিল কলকাতার বিধাননগর থানার পুলিস। কাঁথি এলাকায় একটি বড়সড় আর্থিক প্রতারণা মামলায় তাদের যুক্ত থাকার অভিযোগে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাল কাঁথি থানার পুলিস। তিনদিনের পুলিস হেফাজতের পর বৃহস্পতিবার ন’জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতরা অসম, বিহার, দিল্লি ও পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনার বাসিন্দা। জানা গিয়েছে, প্রতারকরা কলসেন্টার খুলে বিভিন্ন এলাকার মানুষকে প্রতারণা করত। তাঁদের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। সেই টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত। অভিযোগ পেয়ে বিধাননগর থানার সাইবার ক্রাইম বিভাগ তদন্তে নামে। পুলিস তাদের গ্রেপ্তার করেছিল। গতবছর নভেম্বর মাসে কাঁথির এক ব্যক্তি এভাবে ২২লক্ষ টাকা প্রতারণার শিকার হন। তিনি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীকালে পুলিস তদন্তে জানতে পারে, কাঁথিতে প্রতারণার ঘটনায়ও এরা যুক্ত। তাই তাদের হেফাজতে নেওয়া হয় বলে থানার আইসি প্রদীপকুমার দাঁ জানান। এদের পিছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে।



