সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার হামিরমহল গ্রামে প্রাচীন একটি শিবমন্দিরে বড়সড় চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে হানা দেয়। গ্রিলের গেটের তালা ভাঙে। বিগ্রহের শরীরে থাকা সোনার সাপ, রুপোর সাপ সহ সমস্ত অলঙ্কার তো বটেই, মায় বাসনপত্র থেকে শুরু করে অন্যান্য সামগ্রীও নিয়ে চম্পট দেয়। সোমবার সকালে চুরির ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। চুরি যাওয়া অলঙ্কারের মূল্য প্রায় দু’ লক্ষ টাকা বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে থানায় খবর দেওয়া হলে পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মন্দির কমিটির কর্মকর্তারা থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিসি টহলদারির দাবি জানান। স্থানীয় বাসিন্দা, কাঁথি-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু শতপথি বলেন, এই মন্দির বেশ জাগ্রত এবং বড়সড়। আমরা পুলিসকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছি। পুলিস প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।



