সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার নাটদিঘি এলাকায় বেশ কয়েকটি বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শুক্রবার রাতে নাটদিঘিতে বোমা পাওয়া গিয়েছে বলে খবর পায় পুলিস। একটি বাড়ি সংলগ্ন মন্দিরের পিছনের অংশে বোমাগুলি মজুত ছিল। পুলিস উদ্ধার করে নিয়ে আসে। পরে এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে দু’জনকে আটক করে। বোমা উদ্ধারে আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। এর আগেও একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে নাটদিঘি। তবে দীর্ঘদিন কোনও ঝামেলা হয়নি। স্থানীয় তৃণমূল নেতা দুর্গাশঙ্কর মণ্ডল বলেন, এলাকায় আরও বোমা রয়েছে কি না, তদন্ত করে দেখা হোক। আমরা পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, এলাকা যেহেতু শান্ত রয়েছে, তাই তৃণমূল বোমার আমদানি করে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিধানসভা ভোটের আগে এলাকা দখলের কৌশল ছাড়া আর কিছু নয়।



