Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির বাঁকিপুটে বাইকের ধাক্কায় মৃত্যু শিশুর, গাছের গুঁড়ি ফেলে অবরোধ

কাঁথির বাঁকিপুটে বাইকের ধাক্কায় মৃত্যু শিশুর, গাছের গুঁড়ি ফেলে অবরোধ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বেপরোয়া বাইকের ধাক্কায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট এলাকায় উত্তেজনা ছড়াল। এদিন সকাল থেকে বাঁকিপুটে জুনপুট-দৌলতপুর পাকা সড়কের তিনটি জায়গায় গাছের গুঁড়ি ও ইট-­পাথর ফেলে পথ অবরোধ এবং বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে জুনপুট কোস্টাল থানার পুলিস ঘটনাস্থলে যায়।  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা অবরোধ ওঠে। এলাকার বাসিন্দাদের দাবি মেনে পুলিসের তরফে রাস্তায় গার্ডরেল বসানো হয়। হাম্প তৈরির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিসি টহলদারি ও নজরদারির বৃদ্ধি করার আশ্বাসও দেয় পুলিস। তারপরই বিক্ষোভকারীরা শান্ত হন। তবে ঘাতক বাইক ও চালককে এখনও ধরতে পারেনি পুলিস। তার খোঁজে তল্লাশি জারি রয়েছে।  
Advertisement
পুলিস জানিয়েছে, মৃত শিশুর নাম শুভদীপ সাহু(৩)। তার বাড়ি বাঁকিপুট সংলগ্ন কালুরায়বাড় গ্রামে। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুর বাবা শুকদেব সাহু, মা সহ পরিবারের লোকজন। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ বাঁকিপুটে দ্রুতগতির বাইকের ধাক্কায় ওই শিশুটি ছিটকে পড়ে। দৌলতপুরের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই শিশুটি রাস্তার ওপারে থাকা দাদু মুকুল সাহুর কাছে ছুটে যাচ্ছিল। সেই সময়ই বাইকটি তাকে ধাক্কা মেরে দিয়ে পালায়। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধারের পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার পর সন্ধ্যায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুর মৃত্যুর খবর আসার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। এদিন সকাল থেকে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন এলাকার বেশকিছু মহিলা সহ শতাধিক বাসিন্দা। পুলিসের তরফে প্রয়োজনীয় আশ্বাস না পেলে আন্দোলন চলবে বলে জানিয়ে দেন তাঁরা। 
বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তায় সারাদিন প্রচুর গাড়ি চলাচল করে। বাঁকিপুট পর্যটন কেন্দ্র হওয়ায় সবসময় ভিড় লেগেই থাকে। এই রাস্তা দিয়ে বাইক সহ অন্যান্য গাড়ি বেপরোয়া গতিতে ছুটে চলে। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এবার বাইকের ধাক্কায় একরত্তির প্রাণ চলে গেল। তাঁরা পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। দাবি পূরণ না হলে ফের আন্দোলন শুরু হবে বলে জানিয়ে দেন এলাকার বাসিন্দা মানিকলাল গারু, সুব্রত জানা সহ অন্যান্যরা। থানার ওসি কামার হাসিদ বলেন, গার্ডরেল বসানো হয়েছে। হাম্প বসানোর ব্যাপারে আমরা ব্লক প্রশাসন ও পূর্তদপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। পুলিসি নজরদারি বাড়ানো হয়েছে। বেপরোয়া বাইক নিয়ন্ত্রণেও পদক্ষেপ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ