Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আবাসের তালিকায় ভূরিভূরি অসঙ্গতি

কাঁথির বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আবাসের তালিকায় ভূরিভূরি অসঙ্গতি
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি-৩ ব্লকের বিজেপি পরিচালিত দুরমুঠ গ্রাম পঞ্চায়েতে আবাসের প্রাথমিক তালিকায় ভূরিভূরি অসঙ্গতি দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাঁ-চকচকে তিনতলা বাড়ির মালিকের নাম প্রাপক তালিকায় রয়েছে। আবার মূক ও বধির মহিলার নাম তালিকা থেকে বাদ গিয়েছে। গ্রাম সংসদ সভাগুলিতে আবাসের এমন তালিকা নিয়ে রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে পঞ্চায়েতের প্রতিনিধিদের। এবিষয়ে সিপিএমের পক্ষ থেকে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রকৃত প্রাপকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পঞ্চায়েতের বেতালিয়া গ্রামের শেখ জবের আলির তিনতলা পাকাবাড়ি রয়েছে। কিন্তু পঞ্চায়েত থেকে প্রকাশিত প্রাথমিক তালিকায় তাঁর নাম রয়েছে। বেশ কয়েকজন প্রকৃত প্রাপকের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। দইসাই দক্ষিণ বুথের রমা খুঁটিয়া মূক ও বধির, তাঁর মাথার উপর ছাদ নেই। তিনি দাদাদের পরিবারের উপর নির্ভরশীল। তাঁর নাম বাদ দিয়েছেন সমীক্ষকরা। 
এছাড়া দইসাই দক্ষিণ বুথের নীলোৎপল খুঁটিয়া, অসিত খুঁটিয়াদের মতো প্রতিবন্ধীদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। আবার দেখা গিয়েছে, ওই এলাকারই ভীমচরণ বর ও গান্ধারী বর উভয়েরই বাড়ি পাওয়ার তালিকায় নাম রয়েছে। স্বামী-স্ত্রী একসঙ্গে একই বাড়িতে থাকা সত্ত্বেও দু’জনের আলাদা আলাদা সংসদে বাড়ির তালিকায় নাম এসেছে। স্ত্রীর নাম দইসাই দক্ষিণ সংসদে এবং স্বামীর নাম দুরমুঠ সংসদে রয়েছে। 
এলাকার সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, সমীক্ষকদের সঙ্গে পঞ্চায়েত যুক্ত হয়ে প্রাথমিক তালিকা তৈরির ক্ষেত্রে দলবাজি করেছে বলে আমরা মনে করছি। আমরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। 
এবিষয়ে প্রধান কাঞ্চন মণ্ডল বলেন, পঞ্চায়েত কোনওভাবে সমীক্ষায় যুক্ত নয়। তাছাড়া আবাসের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে একটি রিপোর্ট বেরিয়েছে। প্রকৃত প্রাপকরা যাতে বঞ্চিত না হন, সেবিষয়ে পঞ্চায়েত নজরদারি করবে। বিডিও দীপক ঘোষ বলেন, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ