রবি পরম্পরার নিবেদনে চার শিল্পীর কণ্ঠে পরিবেশিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ গান। ত্রিগুণা সেন মঞ্চে আয়োজিত ‘কোথা যে উধাও’ শীর্ষক এই অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন সুলগ্না, সৈকত, মধুবন্তী ও শাঁওলি। সম্মেলক কণ্ঠে ‘গানগুলি মোর শৈবালেরই দল’ গানটি পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হল। এরপর একক, দ্বৈত আবার সম্মেলক কণ্ঠে পরিবেশিত হল নানা পর্যায়ের গান। পরিণত, পরিশীলিত কন্ঠে গাওয়া প্রতিটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। শিল্পীদের পরিবেশনা প্রশংসাযোগ্য। অনিতা পাল পরিচালিত গীতি আলেখ্যটিতে ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, ‘পথ হারা তুমি পথিক’, ‘এমনি করেই যায় যদি দিন’, ‘আমি চঞ্চল হে’ ইত্যাদি রবীন্দ্রনাথের গান পরিবেশিত হয়। এছাড়াও লীলা মজুমদার, অদ্বৈত বন্দ্যোপাধ্যায় এবং কবিগুরুর লেখা কবিতা ও গল্পের অংশবিশেষে নির্মিত চিত্রনাট্যে সমৃদ্ধ অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। পাঠে ছিলেন কৃত্তিক ঘোষ। ভাবনা ও পরিকল্পনা অভিজিৎ পাল। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন বিপ্লব মণ্ডল, অভ্র চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধায় এবং অমল সরকার।
Advertisement
কলি ঘোষ



