Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথি পুরসভায় টোটো চালকদের পরিচয়পত্র  

কাঁথি পুরসভায় টোটো চালকদের পরিচয়পত্র
 
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: টোটোচালকদের পরিচয়পত্র দেওয়া শুরু করল কাঁথি পুরসভা। পুরসভার পক্ষ থেকে শহরের মোট ১৫৫০জন টোটোচালককে পরিচয়পত্র দেওয়া হবে। শনিবার পুরভবনে ২৫০জন টোটোচালককে পরিচয়পত্র দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান, এগজিকিউটিভ অফিসার অমিয়কুমার দাস সহ কাউন্সিলাররা। আজ, সোমবার থেকে শহরের বাকি টোটোচালকদের পরিচয়পত্র দেওয়া শুরু হবে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। 
Advertisement
কাঁথি শহরে যানজটের মূল কারণ মাত্রাতিরিক্ত টোটোর চলাচল। শহরে প্রতিনিয়ত শয়ে শয়ে টোটো লাইন দিয়ে চলে। কিন্তু সমস্যা হল, টোটোগুলি আচমকা যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলে। কখনও আবার হঠাৎ করে ঘুরিয়ে নেয়। তার উপর যত্রতত্র বিনা অনুমতিতে পার্কিং তো রয়েছেই। এসব কারণে শহরে যানজট কখনও কখনও ভয়ঙ্কর আকার নেয়। এর ফলে নিত্যযাত্রীরা কিংবা অন্যান্য যানবাহনের যাত্রীরা খুবই সমস্যায় পড়েন। সমস্যা নিরসনে পুরসভার সিদ্ধান্তমতো অনুমোদিত টোটোগুলিকে ইতিপূর্বে কালার কোডিংয়ের আওতায় আনা হয়েছে। শহরে একদিন সাদা এবং একদিন নীল রঙের টোটো চলে। এর ফলে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা গিয়েছে। অবৈধ অর্থাৎ লাইসেন্সবিহীন টোটোর অবাধ প্রবেশ বন্ধ হয়েছে। সব মিলিয়ে টোটোর দৌরাত্ম্য কমেছে বলে দাবি পুরসভা কর্তৃপক্ষের। পুরসভার ট্রাফিক অ্যান্ড টোটো লাইসেন্স ইনচার্জ নবারুণ মাইতি বলেন, শহরে যাতে যানজট নিয়ন্ত্রণে থাকে, ট্রাফিক নিয়ম মেনে টোটো চলে, তার উপর চালকদের বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। পুরসভার চেয়ারম্যান বলেন, যানজট নিয়ন্ত্রণ এবং অবৈধ টোটোর দৌরাত্ম্য কমাতে এই উদ্যোগ। শহরে যানজট নিয়ন্ত্রণ করতে আরও নতুন কী পদ্ধতি অবলম্বন করা যায়, সেব্যাপারে চিন্তাভাবনা চলছে।
সম্পর্কিত সংবাদ